চবিতে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে আহত ৭
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনে পূর্ব বিরোধের জের ধরে ছাত্রলীগের নিয়ন্ত্রিত শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ‘একাকার’ ও ‘কনকর্ড’ পক্ষের কর্মীদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে।
উভয় পক্ষ চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারী।
আহতদের মধ্যে নিয়াজ আরেফীন, লিটন চৌধুলী, রাহুল মজুমদার, মো. জিয়াদ রশিদ নামে চারজনসহ পাঁচজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর।
চবি পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই পক্ষের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। এর জের ধরে দুপুরে স্টেশন এলাকায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
তবে এই ঘটনায় একাকার ও কনকর্ড পক্ষের নেতারা একে অপরকে দায়ী করেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক ড. টিপু সুলতান জানান, সংঘর্ষে আহত সাতজনকে চিকিৎসা কেন্দ্রে আনা হয়েছে।
তাদের মধ্যে একজন মাথায় ও অন্য জন বাম হাতে ধারালো অস্ত্রের আঘাতে এবং অন্যরা লাঠি ও রডের আঘাত আহত হয়েছে।
