২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু গণতন্ত্রের প্রতিমূর্তি: মোদী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ‘বঙ্গবন্ধু ভবনে’ ২৭ মিনিট ছিলেন নরেন্দ্র মোদী; এ সময় তিনি বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন ঐতিহাসিক আলোকচিত্রগুলো।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2015, 03:04 PM

Updated : 12 Oct 2022, 03:46 PM

পুরনো খবর:

স্মৃতিসৌধে, বঙ্গবন্ধু ভবনে মোদী

শনিবার দুপুরে পরিদর্শনে গিয়ে বঙ্গবন্ধুর বাড়ির বেলকনিতেও কিছু সময় কাটান মোদী। তাকে তখন সঙ্গ দেন বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক।

বঙ্গবন্ধুর বাড়ি পরিদর্শনের পর মোদী এক টুইটে লিখেছেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, গণতন্ত্রের প্রতিমূর্তি, এক বিশাল ব্যক্তিত্ব এবং ভারতের এক মহান বন্ধুকে শ্রদ্ধা।”

সকালে ঢাকায় নামার পর বিমান বন্দরের আনুষ্ঠানিকতা সেরে ভারতের প্রধানমন্ত্রী সরাসরি চলে যান সাভাবে জাতীয় স্মৃতিসৌধে। সেখানে শহীদ বেদীতে ফুল দেওয়ার পর একটি গাছের চারাও রোপণ করেন তিনি।

সাভার থেকে সড়ক পথে দুপুর ১২টা ৫ মিনিটে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে পৌঁছান নরেন্দ্র মোদী। তাকে স্বাগত জানান বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্টের সদস্য সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাদওয়ান মুজিব।

মোদী প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর তিনি যান সম্প্রসারিত ভবনে। সেখানে তিনি বঙ্গবন্ধুর পারিবারিক ছবি, ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীসহ বিশ্ব নেতাদের শেখ মুজিবের ছবি দেখেন।

এরপর মোদী মূল ভবনে বঙ্গবন্ধুর শয়নকক্ষে যান, যেখানে পঁচাত্তরের ১৫ অগাস্টের গুলির দাগ এখনও রয়েছে।

 

বিভিন্ন কক্ষ ঘুরে ভারতের প্রধানমন্ত্রী যান ভবনের দোতলার বেলকনিতে। শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব ও তার স্ত্রী পেপ্পি সিদ্দিক ছিলেন এসময় মোদীর সঙ্গে।

বেলকনিতে দাঁড়িয়ে কিছুক্ষণ রাদওয়ান মুজিবের সঙ্গে কথা বলেন মোদী।

সেখানে উপস্থিত একজন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার নানা মারা যাওয়ার পর থেকে ১৯৮১ সাল পর্যন্ত এই ভবনে কাউকে ঢুকতে দেওয়া হয়নি বলে মোদীকে জানান রাদওয়ান।

দীর্ঘ রাজনৈতিক জীবনে এই বেলকনিতে দাঁড়িয়ে যে বঙ্গবন্ধু জনগণের উদ্দেশে বক্তৃতা দিতেন, তাও মোদীকে বলেন রাদওয়ান।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের স্থপতি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাশীল বিজেপি নেতা মোদী রাদওয়ানের খালা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেরও প্রশংসা করে আসছেন।  

 গত বছরের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে নরেন্দ্র মোদী বলেছিলেন, “বঙ্গবন্ধু দেশ বানায়া, ওস কি লেড়কি দেশ বাঁচায়া (বাংলাদেশের প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু, আর তার কন্যা বাংলাদেশকে রক্ষা করেছেন)।”

মোদী বঙ্গবন্ধু জাদুঘরকে আরও ‘ভার্চুয়াল’ করার পরামর্শ রাদওয়ানকে দিয়েছেন বলে সেখানে উপস্থিত ওই ব্যক্তি জানিয়েছেন।

দুপুর ১২টা ৩২ মিনিটে মোদী বঙ্গবন্ধু ভবন থেকে বেরিয়ে যান। তিনি সরাসরি যান সোনারগাঁও হোটেলে। দুদিনের এই সফরে এই হোটেলেই থাকবেন তিনি।