২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় সংঘর্ষে আহত বিএনপিকর্মীর মৃত্যু

মাগুরার সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক দুটি পক্ষের সংঘর্ষে আহত এক বিএনপিকর্মীর মৃত্যু হয়েছে।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2015, 12:07 PM

Updated : 22 Aug 2022, 12:27 PM

নিহত কুদ্দুসু মোল্লা (৫০) সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আরজু মোল্লা ও সাধারণ সম্পাদক আবু তালেবের সমর্থক।

সদর থানার ওসি আসাদুজ্জামান মুন্সি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকালে উপজেলার শ্রীরামপুর গ্রামে সংঘর্ষে আহত হওয়ার পর মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

সাইফুল ইসলাম নামে স্থানীয় এক ব্যক্তির বরাত দিয়ে ওসি জানান, আধিপত্য বিস্তার নিয়ে আরজু ও তালেব সমর্থকদের সঙ্গে একই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি চান্দ আলী ও সাধারণ সম্পাদক কেরামত আলীর সমর্থকদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে শুক্রবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনায় বিএনপিকর্মী কুদ্দুসসহ দুই জন আহত এবং পাঁচটি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।

ওই দিনই কুদ্দুসকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় পুলিশ শনিবার সকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি বলে জানান পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান।