সাত জেলায় দুর্ঘটনায় ১৬ প্রাণহানি
দেশের সাতটি জেলায় দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার সিরাজগঞ্জ, ঢাকার ধামরাই, মৌলভীবাজার, মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ ও চুয়াডাঙ্গায় এসব দুর্ঘটনা ঘটে।
এরমধ্যে সিরাজগঞ্জে বাবা-মেয়েসহ চার জন এবং ধামরাইয়ে সেনা সদস্যসহ চার জনের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, হাটিকুমরুল এলাকায় মাইক্রোবাসের চাপায় বাবা-মেয়েসহ ভটভটিতে থাকা চার আরোহী নিহত হয়েছেন, আহত হন আরও চারজন।
হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই আশরাফুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে চেয়ারম্যান মার্কেট এলাকায় হাটিকুমরুল-বনপাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কামারখন্দ উপজেলার বড়ধুল গ্রামের আবদুল হামিদ (৬৫), তার মেয়ে রেহানা খাতুন ইতি (২২), সলঙ্গা থানার বড়গোজা গ্রামের নবা ফকিরের মেয়ে চায়না খাতুন (২৬) এবং চায়নার শ্বশুর রজব আলী (৫২)।
নিহতদের মধ্যে দুই নারী ঘটনাস্থলেই মারা যান। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রজব এবং সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে হামিদের মৃত্যু হয়।
এসআই আশরাফ বলেন, মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারালে তার বাহন পাশের ভটভটিকে চাপা দেয়।
“এতে ভটভটিটি দুমড়ে মুচড়ে যায় এবং এর আরোহীরা মাইক্রোর নিচে চাপা পড়ে। স্থানীয়রা এসে মাইক্রোবাসটি উল্টে হতাহতদের উদ্ধার করে।”
সাভার প্রতিনিধি জানান, ঢাকার ধামরাইয়ে বাস খাদে পড়ে এক সেনা সদস্যসহ চারজন নিহত হয়েছেন, আহত হন আরও অন্তত ২০ জন।
ধামরাই থানার ওসি ফিরোজ তালুকদার জানান, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার জয়পুরা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাতক্ষীরা সদরের পাচরক্ষী গ্রামের আতিয়ার রহমানের ছেলে সেনা সদস্য শহিদুল ইসলাম (৩৫), কালিগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের নিজামগাজীর ছেলে সামছুল ইসলাম (৩০) এবং নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ গ্রামের ভুলু মিয়ার ছেলে ওবাইদুল হক (৪০)।
নিহতদের মধ্যে আনুমানিক ৩০ বছর বয়সী এক নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের ধামরাই সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
ওসি ফিরোজ জানান, নিহত সেনা সদস্য শহিদুল চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত ছিলেন। ছুটিতে তিনি সাতক্ষীরায় গ্রামের বাড়িতে যাচ্ছিলেন।
তার মৃত্যুর খবর পেয়ে সাভার সেনানিবাসের কর্মকর্তারা শুক্রবার সকালে থানা থেকে লাশ নিয়ে যান।
ওসি আরও জানান, রাত দেড়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় সাতক্ষীরাগামী সৌদিয়া পরিবহনের বাসটি বিপরীতমুখী একটি ট্রাককে জায়গা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই চার যাত্রীর মৃত্যু হয় বলে জানান তিনি।
মৌলভীবাজার প্রতিনিধি জানান, শ্রীমঙ্গলে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও তিনজন।
একই উপজেলায় শুক্রবার দুপুরে বাস চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শ্রীমঙ্গল থানার এসআই গিয়াস উদ্দিন জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কালাপুর ইউনিয়নের সিরাজনগর এলাকায় শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কে দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলা সদরের রাজু শাপলাবাগ আবাসিক এলাকার রাজু স্বর্ণকার (৩০), তার ভায়রা জামালপুরের সবুজ স্বর্ণকার (২৮) ও মাইক্রোবাসের চালক শ্রীমঙ্গলের উত্তর-উত্তরসুরে এলাকার আরিফ মিয়া (২৭)।
রাজু শ্রীমঙ্গল উপজেলা সদরের নতুন বাজারের ‘রাজু জুয়েলার্স’র মালিক। আহতরা শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এসআই গিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজু তার ভায়রা সবুজ ও কয়েকজন আত্মীয়কে নিয়ে সিলেটে শাহজালালের মাজার ঘুরে ওই গাড়িতে করে শ্রীমঙ্গলে ফিরছিলেন।
পথে কালাপুর ইউনিয়নের সিরাজনগর এলাকায় গাড়ির ডান দিকের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। রাস্তার পাশে একটি বড় গাছের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক চালকসহ তিনজনকে মৃত ঘোষণা করেন বলে এসএই গিয়াস জানান।
এদিকে অপর দুর্ঘটনাটি ঘটে শ্রীমঙ্গল উপজেলা সদরের শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কে।
নিহত শংকর তাঁতী (৪০) উপজেলার রাজঘাট চা বাগানের বাসিন্দা ওবাগানের কারখানার গুদামের কর্মচারী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
শ্রীমঙ্গল থানার এসআই গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শংকর ক্যাথলিক মিশন রোড থেকে বেরিয়ে মোটরসাইকেলে মৌলভীবাজার সড়কে যাচ্ছিলেন।
এ সময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জ সদরে একটি মোটরসাইকেল খাদে পড়ে তার আরোহীর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার বকুলতলায় এই দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
নিহত ফরহাদ হোসেন (২৬) মাদারীপুরের শিবচর উপজেলার মতি মাদবরের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ডা. এনামূল হক জানান, ফরহাদ একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকার মিরপুর থেকে মোটরসাইকেলে মুন্সীগঞ্জে আসেন।
বকুলতলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফরহাদের লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সদর থানার ওসি মো. ইউনুচ আলী দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত পরিচয় (৪২) এক ব্যক্তি নিহত ও অন্তত পাঁচ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদরের চর গোবরায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানায়, ৫-৬ জন চিংড়ি রেনু পোনা ব্যবসায়ী বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজার থেকে একটি পিকআপে ঢাকায় যাচ্ছিল।
পিকআপটি চর গোবরায় পৌঁছলে পাটবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই রেনু পোনা ব্যবসায়ী নিহত হন।
আহত আক্তার হোসেন (২৫) ও কামাল (৪০) নামের দুইজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে এবং কালুসহ (৩০) অপর তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হতাহতদের সবার বাড়ি পটুয়াখালী ও ভোলার বিভিন্ন গ্রামে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় ভক্তবাড়ি এলাকায় এই দুর্ঘটনায় নিহত আউলিয়া বিবি (৫০) গুতিয়াব এলাকার মজিবুর রহমানের স্ত্রী।
রূপগঞ্জ থানার ওসি মো. মাহমুদুল ইসলাম জানান, ভক্তবাড়ি-খেয়াঘাট সড়ক পারাপারের সময় একটি মোটরসাইকেল আউলিয়া বিবিকে ধাক্কা দেয়।
স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গায় ইঞ্জিনচালিত ভ্যান আলম সাধুর সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এছাড়া আলম সাধুর চালকসহ আহত হন চার জন।
শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর সড়কের কুলপালা গ্রামে এই দুর্ঘটনায় নিহত শফিকুল ইসলাম (৩০) চুয়াডাঙ্গা শহরের নূরনগর গ্রামের মুনসুর আলীর ছেলে।
আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আলমডাঙ্গা থানার ওসি মামুন অর রশিদ জানান, মেহেরপুর থেকে তিন যুবক মোটরসাইকেলে চুয়াডাঙ্গা আসছিলেন।
কুলপালা গ্রামের কাছে বিপরীত দিক থেকে আসা একটি আলম সাধুর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে যান দুটি উল্টে যায়। এতে মোটরসাইকেল যাত্রী শফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।
আহতরা হলেন, আলম সাধুর চালক মেহেরপুরের পাটকেলপোতা গ্রামের আমিনুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম (৩০), চুয়াডাঙ্গার জাফরপুর গ্রামের শুকুর আলীর ছেলে মসলেম উদ্দিন (২৪), বুদো হোসেনের ছেলে মামুন হোসেন (২০) ও মুকুল উদ্দিনের ছেলে রকি হোসেন (২৪)।
