২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রান্সফরমার বিস্ফোরণের শব্দে বাসচালকের মৃত্যু

পাহাড়তলি থানার কর্নেল হাট এলাকায় বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণের বিকট শব্দে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন এক বাসচালক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2015, 06:40 PM

Updated : 22 Aug 2022, 12:22 PM

রোববার সকাল ১০টার দিকে কর্নেল হাট এলাকার আলিফ হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া বাদশা মিয়া (৩০) মিরসরাই উপজেলার হাদিনগরের মগাদিয়া গ্রামের আবু তাহেরের ছেলে।

পাহাড়তলি থানার এসআই মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাদশা মিয়া নাভানা বাস সার্ভিসের চালক।

সকাল ১০টার দিকে কর্নেল হাটের আলিফ হোটেলের সামনে একটি বৈদ্যুতিক খুটির নিচে কয়েকজন সহকর্মীসহ আড্ডা দিচ্ছিলেন।

খুটির উপরে থাকা ট্রান্সফরমারে একটি কবুতর বসার সঙ্গে সঙ্গে তা তা বিকট শব্দে বিস্ফোরিত হলে সেখানেই মাটিতে লুটিয়ে পড়েন বাদশা মিয়া।

বাদশা মিয়ার সহকর্মী কবির আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খুটির উপরে থাকা ট্রান্সফরমারে একটি কবুতর বসার সঙ্গে সঙ্গে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। মৃত কবুতরটি মাথার ওপর পড়লে চিৎকার দিয়ে বাদশা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়।”

কবির আহমদ জানান, শুরুতে তাকে পার্শ্ববর্তী বেসরকারি আল-আমিন হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১১টার দিকে বাদশা মিয়াকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক জানান হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।