বৃদ্ধকে গলা কেটে হত্যা
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করা হয়েছে।
রোববার উপজেলার বৈলতলী মাইচ পাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মো. রাসেল (২২) নামে এক যুবককে, যিনি মানসিক প্রতিবন্ধী বলে স্থানীয়রা জানিয়েছেন।
নিহত শিব শংকর দাশ (৭০) ওই এলাকার বাসিন্দা।
চন্দনাইশ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ১২টার দিকে দা নিয়ে বাড়ি থেকে ক্ষেতে কাজ করতে যান শিব শংকর। এ সময় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, পাশ্ববর্তী চরপাড়া এলাকার রাসেল শিব শংকরের হাতে থাকা দা দিয়ে তাকে গলা কেটে হত্যা করে।
“হত্যার পর স্থানীয় লোকজন রাসেলকে ধরার চেষ্টা করলে সে অন্যদেরও কোপানোর চেষ্টা করে।”
তিনি বলেন, বিকালে লাশ উদ্ধারের পর স্থানীয়দের নিয়ে রাসেলকে গ্রেপ্তার করা হয়।
তবে রাসেল মানসিক প্রতিবন্ধী বলে স্থানীয়রা জানিয়েছে।
