সুন্দরবনে পুলিশের গুলিতে আহত ২ ‘বনদস্যু’ আটক
সুন্দরবনের সাতক্ষীরায় কথিত বন্দুকযুদ্ধের পর আহত দুই ‘বনদস্যু’কে আটক করেছে পুলিশ।
শ্যামনগর থানার ওসি এনামুল হক জানান, সোমবার ভোররাতে সাতক্ষীরা রেঞ্জের কাঠেরশ্বর এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ করিম ও আলামিনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে করিম সুন্দরবনের বনদস্যু ‘করিম বাহিনী’র প্রধান ও আলামিন তার সহযোগী বলে দাবি করেছে পুলিশ।
এ ঘটনায় শ্যামনগর থানার এসআই নাজমুলসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও রামদা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ কর্মকর্তা এনামুল সাংবাদিকদের বলেন, সুন্দরবনের বনদস্যু করিম ও তার সহযোগী আলামিনকে রোববার সুন্দরবনের কাছের খলিসাবুনিয়া এলাকা থেকে আটকের পর তাদের তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধারের জন্য ভোররাতে তাদের নিয়ে সুন্দরবনের গহীনে রওয়ানা হয় পুলিশের একটি দল।
“কাঠেরশ্বর এলাকায় পৌঁছালে করিমের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে দুপক্ষের বন্দুকযুদ্ধে করিম ও আলামিন গুলিবিদ্ধ হয়।”
এক পর্যায়ে বনদস্যুদের দলটি পালিয়ে গেলে পুলিশ গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে ভোরের দিকে হাসপাতালে নিয়ে যায় বলে জানান শ্যামনগরের ওসি এনামুল।
