২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বৈষম্যমূলক’ বেতন কাঠামো পুনর্গঠনের দাবি ঢাবি শিক্ষকদের

প্রস্তাবিত জাতীয় বেতন কাঠামোকে ‘বৈষম্যমূলক’ আখ্যা দিয়ে সিলেকশন গ্রেডের অধ্যাপকদের বেতন-ভাতা জ্যেষ্ঠ সচিবদের সমতুল্য করাসহ বিভিন্ন দাবি তুলে ধরে তা পুনর্গঠনের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2015, 04:01 PM

Updated : 22 Aug 2022, 12:19 PM

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

এতে প্রস্তাবিত জাতীয় বেতন কাঠামো প্রত্যাখান করে তা পুনর্নির্ধারণের দাবি জানান সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ড. ফরাসউদ্দিনের নেতৃত্বাধীন কমিশন শিক্ষকদের ন্যায্য অধিকার ক্ষুণ্ন করার মতো প্রস্তাবনা রেখেছে। আর সচিব কমিটি একধাপ অগ্রসর হয়ে নিজেদের সুবিধাদি নিশ্চিতের মাধ্যমে অন্যান্যদের প্রতি বৈষম্যের ব্যবস্থা করেছেন।

“সপ্তম জাতীয় বেতন কাঠামো থেকে বর্তমান বেতন কাঠামোতে শিক্ষকদের অবস্থান দুই ধাপ নামিয়ে আনা হয়েছে। এটা শুধু ন্যায়সঙ্গত অধিকার ক্ষুণ্ন করেনি, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য অত্যন্ত অবমাননাকর।”

বাংলাদেশ বেতন ও চাকরি কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে সর্বোচ্চ ৭৫ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল ধরে কাঠামো সুপারিশ করেছে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞার নেতৃত্বে গঠিত সচিব কমিটি।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত বেতন কমিশন গত ২১ ডিসেম্বর যে প্রতিবেদন দিয়েছিল তাতে সর্বোচ্চ ৮০ হাজার ও সর্বনিম্ন ৮ হাজার ২০০ টাকা মূল বেতন ধরে নতুন বেতন কাঠামো সুপারিশ করা হয়।

এছাড়া ফরাসউদ্দিন কমিশন ১৬টি গ্রেডে বেতন কাঠামো প্রস্তাব করলেও পাঁচ সদস্যের সচিব কমিটির সুপারিশে আগের মতো ২০টি গ্রেড রাখার পক্ষে মত দেওয়া হয়েছে।

পাশাপাশি সিলেকশন গ্রেড ও টাইম স্কেলের বিলুপ্তি ঘটিয়ে মূলত পদোন্নতির মাধ্যমে পরবর্তী ধাপে ওঠার সুপারিশ করা হয়েছে।

অধ্যাপক মাকসুদ কামাল বলেন, “বেতন ও চাকুরি কমিশন ১৬টি বেতন স্কেল/ গ্রেডের প্রস্তাব করলেও সচিব কমিটি তা গ্রহণ না করে আগের মতো ২০টি গ্রেডই রেখে দিয়েছে। গ্রেডের বাইরে পদায়িত সচিব ও সিনিয়র সচিবের নতুন পদ সৃষ্টি করেছে, যার উদ্দেশ্য আমাদের কাছে প্রশ্নবিদ্ধ।

“সচিব কমিটির সুপারিশকৃত বেতন কাঠামো সপ্তম বেতন কাঠামোর অনুরূপ না হয়ে সেখানে সিনিয়র সচিব ও পদায়িত সচিবের মতো বিশেষ ধাপ কেন করা হলো? এখানে প্রণিধানযোগ্য, সচিবরা নিজেরাই নিজেদের জন্য অযৌক্তিক সুযোগ-সুবিধা প্রস্তাব করে এই বেতন কাঠামোর সর্বজনগ্রহণযোগ্যতা বিনষ্ট করেছেন। শিক্ষকদের স্বার্থ ক্ষুণ্নকারী সচিব কমিটির সুপারিশৃত বেতন কাঠামো আমাদের কাছে মোটেই গ্রহণযোগ্য নয়।”

সরকারের বিভিন্ন সংস্থা, আমলা ও বিভিন্ন বাহিনী নানা কৌশলে নিজেদের পদকে স্বাভাবিক অবস্থা থেকে উচ্চতর অবস্থানে উন্নীত করে নিয়েছেন এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করেছেন বলেও অভিযোগ করেন এই শিক্ষক নেতা।

“তারই ধারাবাহিকতায় প্রস্তাবিত বেতন কাঠামোতে সিনিয়র সচিব ও পদায়িত সচিব নামে বিশেষ ধাপ সৃষ্টি করে বেতন-ভাতার দিক থেকে সুবিধা ভোগের নতুন দিগন্ত উম্মোচন করেছেন।’’

আগের বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয়ের সিলেকশন গ্রেডের অধ্যাপকরা সচিবদের সমান বেতন-ভাতা পান। কিন্তু প্রস্তাবিত বেতন কাঠামোতে জ্যেষ্ঠ অধ্যাপক তথা সিলেকশন গ্রেড পাওয়া অধ্যাপকদের অবস্থান দুই ধাপ নিচে নামিয়ে দেওয়া হয়েছে।

সমিতির সাধারণ সম্পাদক বলেন, “সিলেকশন গ্রেডের অধ্যাপকদের বেতন-ভাতা, সুযোগ-সুবিধা ও মর্যাদা জ্যেষ্ঠ সচিবদের মতো হওয়াই বাঞ্ছনীয়। অথ্যাৎ সিলেকশন গ্রেডে অধ্যাপকদের পদমর‌্যাদা হবে সিনিয়র সচিবদের সমতুল্য। অনুরূপভাবে অধ্যাপকগণ পদায়িত সচিবদের সমতুল্য মযাদা,বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা  ভোগ করবেন।”

শিক্ষক সমিতির দাবির মধ্যে রয়েছে- প্রস্তাবিত বেতন কাঠামোর বৈষম্য দূরীকরণপূর্বক সিলেকশন গ্রেডের অধ্যাপকদের বেতন-ভাতা সিনিয়র সচিবদের সমতুল্য করা, অধ্যাপকদের বেতান-ভাতা পদায়িত সচিবদের সমতুল্য করা, এবং সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের বেতন কাঠামো ক্রমানুসারে নির্ধারণ করা, ভারত-পাকিস্তানের আলোকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষদের গবেষণা ভাতা, বই ভাতাসহ অন্যান্য সুবিধাদি নিশ্চিত করা এবং সরকারি কর্মকর্তাদের মতো শিক্ষকদের ক্ষেত্রেও গাড়ি ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা।

এছাড়া বেতন কাঠামো অনুযায়ী রাষ্ট্রীয় ওয়াররেন্ট অব প্রিসিডেন্সের পদমর‌্যদা নিশ্চিত করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদমর্যাদা মুখ্য সচিব/মন্ত্রিপরিষদ সচিবদের সমতুল্য করা এবং শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন করার দাবিও রয়েছে।

সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ, নীল দলের আহ্বায়ক অধ্যাপক নাজমা শাহীন, সমিতির সাবেক সাধারণ সম্পাদক কলা অনুষদের ডিন অধ্যাপক মো. আখতারুজ্জামান, সমিতির সহ-সভাপতি হাসিবুর রশিদ, সদস্য অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূইঁয়া, অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান ও অধ্যাপক মো. আবদুস ছামাদ উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

সর্বোচ্চ ৭৫০০০ টাকা মূল বেতনের সুপারিশ