কৃষক হত্যা: তিন জনের যাবজ্জীবন
নেত্রকোণার বারহাট্টা উপজেলায় এক কৃষককে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নেত্রকোণার একটি আদালত।
সোমবার নেত্রকোণার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল হামিদ দশ বছর আগের এই হত্যা মামলার রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান (৩২), আলাল (৩২) ও হাবিবুর রহমান ওরফে হাইব্যা (৩৫) মামলার শুরু থেকেই পলাতক।
কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত মানিক মিয়া নামের আরেক আসামিকে খালাস দিয়েছে বলে এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল আলম প্রদীপ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর রাতে বারহাট্টা উপজেলার কেউরাশি গ্রামের কৃষক দুলাল উদ্দিন মণ্ডলকে ডেকে নিয়ে হত্যা করে আসামিরা। পরে তার লাশ পাওয়া যায় সালি নদীর তীরে।
দুলালের লাশ উদ্ধারের পর তার ছোট ভাই রজব আলী বারহাট্টা থানায় চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০০৬ সালের ১৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেয়।
