২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অদৃশ্য সাপের দংশন’ আতঙ্ক

অদৃশ্য সাপের দংশন আতঙ্কে ভুগছে মাদারীপুরের দুটি উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষ।এদের বেশিরভাগই নারী।

রিপনচন্দ্র মল্লিক

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2015, 09:02 PM

Updated : 12 Oct 2022, 03:41 PM

রাজৈর ও সদর উপজেলার কয়েকটি ইউনিয়নের ৪০টি গ্রামের মানুষ এখন অদৃশ্য সাপ আতঙ্কে দিন পার করছেন।

প্রতিনিয়তই খবর এলেও সাপে কাটা রোগীদের সন্ধানে গেলে অধিকাংশ ক্ষেত্রেই তাদের অস্তিত্ব পাওয়া যায়নি। আবার কেউ কেউ সাপে কেটেছে বলে দাবি করলেও দংশনের কোনো ক্ষত দেখাতে পারেনি।

মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের মুসারকান্দি, লুন্দি, হাসানকান্দি, মাঝকান্দি, সাতবাড়িয়া এবং মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী, চরনাচনা, বাহাদুরপুর, কালীর বাজার, জাফরাবাদ, কালিকাপুর, দক্ষিণ বীরাঙ্গল, পশ্চিম বাহাদুরপুর, হবিগঞ্জ, মীরাকান্দি, রাধার বাড়ি, সৈয়দনুর, দুধখালি, ধুরাইল ইউনিয়নের ১১ গ্রাম, কুনিয়া ইউনিয়নের আট গ্রামবাসীসহ ৪০ গ্রামের প্রায় লক্ষাধিক মানুষ অদৃশ্য সাপ আতঙ্কে ভুগছেন।

তিন সপ্তাহ আগে বীরাঙ্গল গ্রামের আইয়ুব আলী মীরবহরের স্ত্রী পারুল বেগম (৩৫) সাপের দংশনে মারা গেলে এ আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত ১৪ মে বিকালে মজনু (৩০) নামে এক ধান কাটা শ্রমিকের সাপের কামড়ে মারা গেলে আতঙ্কে নতুন মাত্রা যোগ হয়।

এ ঘটনার পর রাজৈর থানার মোড় এলাকার কবিরাজ আবুল কালামের বাড়িতে সাপের বিষ নামানোর জন্য গ্রামবাসী ভিড় করছে।

তবে ধারণা করা হচ্ছে, একটি মহল ইচ্ছাকৃতভাবে অর্থ কামানোর উদ্দেশ্যে এই গুজব ছড়াচ্ছে।

ওই কবিরাজ বিষ নামাতে ৫০৫ টাকা করে হাদিয়া নিচ্ছেন বলে জানা যায়।

লুন্দি গ্রামের আসাদুজ্জামান দাবি করেন, তাদের গ্রামের জুলি, পারভিন, ভুলু, করিম মুন্সি, তামান্না ও আলীরাজকে এ অদৃশ্য সাপে কামড়িয়েছে।

সাতবাড়িয়া গ্রামের পরিমল বাড়ৈর স্ত্রী সবিতা বাড়ৈ দাবি করেন অদৃশ্য সাপে তাকে দংশন করেছে।

সবিতা বলেন, “হঠাৎ দেখি শরীর কেমন যেন করছে। মাথা ঘুরছে। পায়ে জ্বালাপোড়া করছে। তখন বুঝেছি অদৃশ্য সাপে কামড় দিয়েছে। কবিরাজের কাছে গিয়ে বিষ নামিয়ে আসার পর সুস্থ বোধ করছি।”

মাঝকান্দি গ্রামের গৃহবধূ জায়েদা বেগম বলেন, “আসরের নামাজ শেষ করা মাত্রই দেখি মাথা ঝিমঝিম করছে। পা জ্বলছে। তখন বুঝতে পারি অদৃশ্য সাপে কামড় দিয়েছে।”

মাদারীপুর সিভিল সার্জন ডা. দিলীপ কুমার মন্ডল বলেন, মাদারীপুরের কোনো হাসপাতাল কিংবা স্বাস্থ্যকেন্দ্রে সাপে কামড়ের কোনো রোগী চিকিৎসা নিতে আসেনি।

“মূলত গুজব থেকে গ্রামের সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে। হয়তো মশা কামড় দিলেও ভাবে সাপে কামড় দিয়েছে। আমরা ইতোমধ্যে সচেতনতামূলক কর্মকাণ্ড শুরু করেছি।”

তিনি বলেন, এ বিষয় জেলা স্বাস্থ্য কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তারা বিভিন্ন গুজবপ্রবণ এলাকায় সচেতনতামূলক কাজ করবে।

এছাড়া কারা এবং কেন গুজব ছড়াচ্ছে সে বিষয়ও তদন্ত করা হবে বলে জানান সিভিল সার্জন।

এদিকে মাদারীপুর মডেল থানার ওসি জিয়াউল মোর্শেদ বলেন, “সাপের কামড়ের গুজবটি সারা জেলায় ছড়িয়ে পড়ছে। আমরা ইতোমধ্যে বিভিন্ন স্থানের বেশ কয়েকজন ওঝাকে থানায় ডেকে পরামর্শ দিয়েছি, যাতে সাপের কামড়ের আতঙ্কে কেউ এলে তাদেরকে ঝাড়ফুঁক না দিয়ে সঠিক তথ্যটি জানিয়ে আতঙ্ক দূর করে।”