চট্টগ্রামে ভোটের সংঘাতের মামলায় কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার একটি ভোটকেন্দ্রে সিটি নির্বাচনের দিন সহিংসতার ঘটনায় করা মামলার এক আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে থানার বউবাজার এলাকার একটি বাসা থেকে জসিম উদ্দিন ওরফে বার্মাইয়া জসিম (৪৫) এবং তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী ইউসুফকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ।
২৮ এপ্রিল সিটি নির্বাচনে ৩৫ নম্বর বক্সিরহাট ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী ছিলেন জসিম উদ্দিন।
বাকলিয়া থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোট গ্রহণের দিন বাকলিয়ার এনএমজে কলেজ কেন্দ্রে জসিমের নেতৃত্বে সশস্ত্র হামলা চালানো হয়। এতে অন্য কাউন্সিলর প্রার্থী নুরুল হক হাজীর অনুসারী আকতার হোসেনসহ কয়েকজন জখম হয়।”
তিনি জানান, আকতার এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আছেন। তার স্ত্রী রোকসানা বাদী হয়ে একটি মামলা করে। এই মামলার প্রধান আসামি জসিম।
“বউবাজারে দ্বিতীয় স্ত্রীর বাসা থেকে জসিমকে গ্রেপ্তার করা হয়। জসিমের বিরুদ্ধে মারামারি, মাদক এবং নারী ও শিশু নির্যাতন আইনেসহ আগের একাধিক মামলা আছে।”
