জয়পুরহাটে পুলিশ-‘ডাকাত বন্দুকযুদ্ধ’, গুলিবিদ্ধ ১
জয়পুরহাটে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ‘ডাকাত’ গুলিবিদ্ধ হয়েছে।
শুক্রবার ভোরে ক্ষেতলাল উপজেলার মহেশমন্দা মোড়ে এ ঘটনায় আহত মহসিন আকন্দকে (৩০) জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহসিন ক্ষেতলাল উপজেলার পুনুঞ্জ গ্রামের ইসমাইল আকন্দের ছেলে।
ক্ষেতলাল থানার ওসি মনিরুল ইসলাম জানান, ভোরে ক্ষেতলাল উপজেলার ক্ষেতলাল-আক্কেলপুর রোডের মাঝামাঝি মহেশমন্দা মোড় এলাকায় ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় অভিযান চালায় পুলিশ।
এ সময় ডকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। এতে ডাকাত দলের সদস্য মহসীন গুলিবিদ্ধ হয়।
তবে, মহসিনের শরীরের কোথায় গুলিবিদ্ধ হয়েছে তা জানাতে পারেননি ওসি।
জয়পুরহাটের পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম জানান, মহসিনের কাছ থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগে মামলা হয়েছে।
