কক্সবাজারে ২ ‘মানবপাচারকারী’ আটক
কক্সবাজারে মানবপাচারকারী সন্দেহে নারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় জেলা শহরের বাস টার্মিনাল থেকে তাদের আটক করা হয় বলে জানায় পুলিশ।
আটকদের মধ্যে পুরুষ সদস্য হলেন টেকনাফ উপজেলার সাবরাং এর ইসমাঈল হোসেনের ছেলে মামুনুর রশিদ (১৫)। নারী সদস্যের নাম প্রকাশ করা হলো না।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি দেওয়ান আবুল হোসেন জানান, ৬ এপ্রিল কক্সবাজার শহরের লারপাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ নবীকে (১৮) মালয়েশিয়ায় পাচার করা হয়।
পরে থাইল্যান্ডের গহীণ জঙ্গলে তিনি বন্দি আছেন জানিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
ওই মুক্তিপণের টাকা নিতে এলে এ দুই পাচারকারীকে আটক করে ডিবি পুলিশ।
ডিবির ওসি জানান, আটকদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।
