২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে বাসায় ঢুকে ২ জনকে কুপিয়ে হত্যা

রাজধানীর পল্লবীতে দিনে দুপুরে বাসায় ঢুকে এক গৃহবধূ ও তার মামা শ্বশুরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2015, 04:40 PM

Updated : 12 Oct 2022, 03:41 PM

বুধবার দুপুরে পল্লবীর ২০ নম্বর সড়কের ‘ক্রিস্টাল ডি আমিন’ নামের একটি বাড়ির পঞ্চম তলায় এ হত্যাকাণ্ড ঘটে বলে পল্লবী থানার ওসি জিয়াউজ্জামান জানিয়েছেন।

নিহত সুইটি আক্তারের (২৪) স্বামী জাহিদুল ইসলাম ডেসকোর একজন প্রকৌশলী। আর নিহত আমিনুল ইসলাম (৪৪) জাহিদের মামা।

জাহিদের বন্ধু সুমন ঘটনাস্থলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে মোটর সাইকেলে করে দুই ব্যক্তি বাড়ির সামনে এসে আত্মীয় পরিচয় দিয়ে ভেতরে ঢোকে।

“সুইটি দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা ধারালো অস্ত্র দিয়ে কোপানো ‍শুরু করে। মামা বাধা দিতে গেলে তাকেও কোপানো হয়।”

এতে দুজন ঘটনাস্থলেই নিহত হন বলে জানান সুমন।

বাড়ির দারোয়ান আব্দুল খালেক পুলিশকে বলেছেন, দুপুর দেড়টার দিকে দুই ব্যক্তি মোটর মাইকেল থেকে নেমে জাহিদের বাসায় যায়। আধা ঘণ্টা পর ওই দুজন বেরিয়ে যায়।

হত্যাকাণ্ডের সময় জাহিদ তার কর্মস্থলে ছিলেন। পূরবী সিনেমা হলের কাছে অফিস থেকে প্রতিদিন দুপুরে বাসায় খেতে আসেন তিনি।

জাহিদ দুপুরে ফিরে তার স্ত্রী ও মামাকে মৃত অবস্থায় দেখতে পান। হত্যাকাণ্ডের সময় বাসায় ছিল জাহিদের পাঁচ বছর বয়সী ছেলে। বাথরুমে কান্নারত অবস্থায় তাকে পান বলে জাহিদ পুলিশকে জানিয়েছেন।

মিরপুর বিভাগের উপ-কমিশনার নেছারুল আরিফ সাংবাদিকদের বলেন, “জাহিদ বাসায় এসে কলিংবেল চাপেন। অনেকক্ষণ কেউ দরজা না খোলায় তিনি হালকা ধাক্কা দিতেই দরজা খুলে যায়।

“তিনি ডাইনিং রুমে রক্ত দেখতে পান। পরে বাম দিকের ঘরে রক্তাক্ত অবস্থায় তার মামাকে দেখতে পান। আর ডানদিকের রুমে খাটের ওপর স্ত্রীকে দেখতে পান।”

পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার কামাল হোসেন জানান, ওই বাসা জাহিদের। তার মামা সেখানে বেড়াতে এসেছিলেন।

চাঁদার দাবিতে স্থানীয় সন্ত্রাসীরা এর আগে জাহিদের পরিবারকে কয়েক দফা হুমকি দিয়েছিল বলে জানান সুমন।

পুলিশ কর্মকর্তা আরিফ জানান, চাকরির পাশাপাশি প্রকৌশলী জাহিদ ট্রান্সফরমারের ব্যবসা করতেন। ওই ব্যবসা ছিল তার স্ত্রীর নামে।