২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে শিশু ধর্ষণ, ইউএনও অফিস ঘেরাও

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় একটি শিশুকে (১২) অপহরণের পর ধর্ষণ করেছে একদল দুর্বৃত্ত।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 09:17 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

সোমবার রাত ১টার দিকে আশুতিয়াপাড়া হাসান আলীর মোড় থেকে মেয়েটিকে অপহরণ করা হয়। 

২টার দিকে পৌরসভার রামনগর শাহ আলীর মাজার এলাকা থেকে অচেতন অবস্থায় তাকে পুলিশ উদ্ধার করে। 

গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের সিংধা করাতি গ্রামে মেয়েটির বাড়ি। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।

এদিকে, এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী মঙ্গলবার দুপুরে করিমগঞ্জ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও ইউএনও অফিস ঘেরাও করেছে।

পারিবারের সদস্যদের বরাত দিয়ে করিমগঞ্জ থানার ওসি মো. বজলুর রহমান জানান, সোমবার রাতে শিশুটির মা অসুস্থ হয়ে পড়লে তাদের দুই আত্মীয় তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। মায়ের সঙ্গে শিশুটিও হাসপাতালে আসে।

মাকে হাসপাতালে ভর্তি করানোর পর স্বজনদের সঙ্গে শিশুটি বাড়ি ফিরছিল।

একজনের সঙ্গে শিশুটি একটি রিকশায় এবং আরেকজন একটি মোটরসাইকেল নিয়ে তাদের পিছু পিছু যাচ্ছিলেন।

রাত ১টার দিকে আশুতিয়াপাড়া হাসান আলীর মোড় এলাকায় ৫/৬ জন যুবক রিকশা ও মোটর সাইকেল আটকে মেয়েটির সঙ্গে থাকা দুজনকে মারধর করে এবং তাকে অপহরণ করে নিয়ে যায়।

ওসি বজলুর আরও জানান, রাত ২টার দিকে রামনগর শাহ আলীর মাজারের কাছ থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় জড়িতদের মধ্যে আশুতিয়াপাড়ার সুমন নামে এক যুবকের নাম পাওয়া গেছে। তাকেসহ জড়িত অন্যদের ধরতে পুলিশের একাধিক দল মাঠে রয়েছে।

এ ঘটনায় সুমনসহ তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচায় আরও তিনজনকে আসামি করে মেয়েটির বাবা থানায় মামলা করেছেন।

তবে, এখনও কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।

কিশোরগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আব্দুল্লাহ আল মারুফ জানান, ধর্ষণের শিকার মেয়েটির শারীরিক অবস্থা খুবই খারাপ, চিকিৎসা চলছে।