২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কালনীর যাত্রাবিরতি না করার তদন্তে কমিটি

সিলেটগামী আন্তঃনগর ট্রেন কালনী এক্সপ্রেস মৌলভীবাজারের শমসের নগর স্টেশনে না থামার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 06:35 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

ট্রাফিক পরিদর্শক কুলাউড়া (টিটিআই) আতাউর রহমানকে প্রধান করে মঙ্গলবার গঠিত তিন সদস্যের কমিটির অপর দুজন হলেন ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (সিগন্যাল) কুলাউড়া হুমায়ুন কবির ও লোকো পরিদর্শক (আখাউড়া) এনামুল হক।

কুলাউড়া স্টেশন মাস্টার মির্জা শামসুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপকের নির্দেশে এ কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপকের (ডিআরএমও) কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় বলেও জানান এই রেল কর্মকর্তা।

ঢাকা ছেড়ে আসা ট্রেনটি সোমবার রাত ১১টা ৫৩ মিনিটে শমসের নগর স্টেশন অতিক্রম করে। এ সময় ট্রেনটি না থামায় কয়েকজন যাত্রী লাফিয়ে নামতে গিয়ে আহত হন।

কালনী এক্সপ্রেস ট্রেনের পরিচালক আমানউল্লাহ সাংবাদিকদের বলেন, ট্রেন থামানোর জন্য তিনি ভ্যাকুয়াম ব্যবহার করেন। তবে চালক ট্রেন থামাননি।

মঙ্গলবার দুপুরে শমশেরনগর স্টেশন মাস্টার আব্দুল আজিজ বলেন, ট্রেনের চালক ও পরিচালকের দায়িত্বহীনতায় এমনটা ঘটেছে।

পুরনো খবর:

ট্রেন থেকে নামতে গিয়ে আহত
কালনী থামল না, লাফিয়ে নামল যাত্রীরা