২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন থেকে নামতে গিয়ে আহত

মৌলভীবাজারের শমসের নগর স্টেশনে সিলেটগামী কালনী এক্সপ্রেস থেকে নামতে গিয়ে কয়েকজন আহত হয়েছেন।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 01:32 AM

Updated : 22 Aug 2022, 12:15 PM

ঢাকা ছেড়ে আসা ট্রেনটি সোমবার রাত ১১টা ৫৩ মিনিটে শমসের নগর স্টেশন অতিক্রম করে।

চলন্ত ট্রেন থেকে কয়েকজন নামতে গিয়ে আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। 

শমসের নগরের স্টেশন মাস্টার আব্দুল আজিজ ট্রেনটি না থামার কথা জানালেও আহতদের বিষয়ে কিছু নিশ্চিত করতে পারেননি।

“তখন ট্রেনটির গতি কম ছিল। ট্রেনটি থামছে না দেখে যাত্রীদের কেউ কেউ বগি থেকে লাফিয়ে পড়েন। এতে কয়েকজন যাত্রী আহত হন বলে শুনেছি।”

কুলাউড়ার আগে কমলগঞ্জ উপজেলার শমসের নগর রেলওয়ে স্টেশন অতিক্রম করে আন্তঃনগর কালনী এক্সপ্রেস।

আজিজ বলেন, “নিয়মানুযায়ী কর্তব্যরত স্টেশন মাস্টারের সিগন্যাল পেয়ে ট্রেনটি শমসের নগর স্টেশন ছেড়ে যাওয়ার কথা। কিন্তু চালক ও পরিচালক সিগন্যাল অমান্য করে ট্রেনটি চালিয়ে নিয়ে যান কুলাউড়া স্টেশনে।”

শমসের নগরের যাত্রীদের অনেকে কুলাউড়ায় গিয়ে নামেন।

ওই সময় সিলেট ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপবন ‘ক্রসিং’য়ের জন্য কুলাউড়া স্টেশনে দাঁড়ানো ছিল।

এই সময় প্রায়ই উপবন শমসের নগর অতিক্রম করে থাকে জানিয়ে স্টেশন মাস্টার বলেন, “এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত।”