২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে জোড়া খুন: দুই জনের ফাঁসির রায়

জমি লিখে না দেওয়ায় বিরোধের জেরে ফরিদপুরে বিআইডব্লিউটিএর এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও তার স্ত্রীকে হত্যার দায়ে দুইজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণণ্ডে দিয়েছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2015, 01:28 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

মঙ্গলবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক দুই বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

মামলার তিন আসামির মধ্যে মো. নজরুল ইসলাম ও সুজন ব্যাপারী নামের দুজনকে মৃত্যুদণ্ড দেন বিচারক। আর নিহত দম্পতির ভাতিজা মীর মো. তানভীর রহমান খসরুকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড।

পাশাপাশি তানভীরকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।

রায়ের সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৫ অক্টোবর ফরিদপুরের চর টেপাখোলার মুন্সীডাঙ্গী গ্রামে মীর সামছুল হক (৭৫) ও তার স্ত্রী নার্গিস নাহার বেগমকে (৬৫) হত্যা করা হয়।

পরদিন তাদের ছেলে মীর মো. কামরুল আহসান মাসুদ বাদী হয়ে থাকানয় মামলা করেন।

জমি লিখে না দেওয়ায় ভাগ্নে তানভীরের পরিকল্পনায় সুজন ও নজরুল ওই হত্যাকাণ্ড ঘটান বলে মামলার নথিতে উল্লেখ করা হয়।   

জমি নিয়ে বিরোধ থেকেই যে এ হত্যাকাণ্ড, তা উঠে আসে মামলার শুনানিতেও। তিন আসামি আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে পরস্পরকে জড়িয়ে বক্তব্য দেন।

তদন্ত শেষে গতবছর ২০ ফেব্রুয়ারি পুলিশ তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। মামলার শুনানিতে ২১ জনের সাক্ষ্য শুনে বিচারক মঙ্গলবার রায় ঘোষণা করে।