আন্দোলনকারীদের লাঠিপেটা: জড়িতদের শাস্তি দাবি চট্টগ্রামে
ঢাকায় যৌন নিপীড়নবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের শাস্তি চেয়ে চট্টগ্রামে বিক্ষোভ হয়েছে।
সোমবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে ‘চট্টগ্রামের সর্বস্তরের সংস্কৃতিকর্মী ও সচেতন নাগরিক সমাজে’র ব্যানারে প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, যৌন নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর হাতেই নির্মম নির্যাতনের শিকার হয়েছেন ঢাকার আন্দোলনকারীরা।
ঢাকা পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাওকালে ছাত্র ইউনিয়ন নেত্রীর ইসমতের ওপর হামলাকে ‘নিপীড়ন’ উল্লেখ করে সমাবেশ থেকে নারী লাঞ্ছনাকারী পুলিশ সদস্যদের ধিক্কার জানানো হয়।
বক্তারা বলেন, রোববার ডিএমপি কার্যালয় ঘেরাওকালে ছাত্র ইউনিয়নসহ প্রগতিশীল ছাত্রজোটের কর্মীদের ওপর বর্বর হামলা দেখে সাধারণ বিবেকবান মানুষ শিউরে উঠেছে। যেখানে রক্ষক ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন সেখানে ন্যায়বিচার সম্ভব নয়।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. শাহ আলম, গণজাগরণ মঞ্চের সদস্য সচিব ডা. চন্দন দাশ, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, পেশাজীবীনেতা প্রকৌশলী দেলোয়ার মজুমদার, কমিউনিস্ট পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক অশোক সাহা, উদীচী চট্টগ্রামের সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা, প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান, খেলাঘর চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক অধ্যাপিকা রোজী সেন, আবৃত্তিকার অ্যাডভোকেট মিলি চৌধুরী, খেলাঘরনেতা আশীষ সেন, মিন্টু চৌধুরী, যুব ইউনিয়নের জেলা যুগ্ম আহবায়ক রিপায়ন বড়–য়া, শিক্ষিকা সালমা জাহান মিলি, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সদস্য আহসান হাবীব, সাংবাদিক জোবায়ের জুয়েল, ছাত্রফ্রন্টের পার্থপ্রতীম নন্দী, ছাত্র ফেডারেশনের শওকত আলী প্রমুখ।
প্রতিবাদ কর্মসূচিতে চট্টগ্রামের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা সংহতি জানিয়ে অংশ নেন।
