পুনভোটে আওয়ামী লীগ সমর্থিত ৩ কাউন্সিলর জয়ী
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে তিন ওয়ার্ডের স্থগিত তিন কেন্দ্রের পুনভোটে আওয়ামী লীগ সমর্থিত তিন কাউন্সিলর প্রার্থী বিজয়ী হয়েছেন।
সোমবার এই তিন কেন্দ্রে পুনভোট হয়।
রিটার্নিং অফিসারের স্টাফ অফিসার নওয়াবুল ইসলাম জানান, ৮নম্বর সাধারণ ওয়ার্ডে সুলতান মিয়া, ৩৪ নম্বর ওয়ার্ডে মীর মোহাম্মদ সমীর ও ৫৩ নম্বর ওয়ার্ডে মো. নূর হোসেন বিজয়ী হয়েছেন।
গত ২৮ এপ্রিল ভোটের সময় অনিয়মের কারণে তিনটি কেন্দ্রের ভোট বন্ধ করে নির্বাচন কমিশন।
তিনটি কেন্দ্র হচ্ছে- দক্ষিণের ৮ নম্বর ওয়ার্ডের ১৫১ নম্বর কমলাপুর শেরেবাংলা রেলওয়ে উচ্চ বিদ্যালয় (দক্ষিণ কমলাপুর মূল ভবন, কেন্দ্র-১); ৩৪ নম্বর ওয়ার্ডের ৫৬৫ সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরুষ-মহিলা, কেন্দ্র-২, ৩য় ও ৪র্থ তলা) এবং ৫৩ নম্বর ওয়ার্ডের ৮০৭ জুরাইন আশ্রাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয় (শ্যামপুর, ঢাকা ২য় তলা রুম নং ২০১-২০৫ এবং মহিলা ভোটার-১, কেন্দ্র-৩)।
শান্তিপূর্ণভাবে তিন কেন্দ্রে ভোট হয়েছে বলে জানান ইসি কর্মকর্তারা।
ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রামের ২৭০১টি কেন্দ্রের মধ্যে ২৮ এপ্রিল এ তিনটি কেন্দ্র স্থগিত করা হয়। ইতোমধ্যে নির্বাচিতদের গেজেট প্রকাশ ও শপথ করা হয়েছে।
