২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচিতদের গেজেট প্রকাশ

দশম সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এর একদিনের মাথায় বৃহস্পতিবারই শপথ নিতে যাচ্ছেন নির্বাচিতরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2014, 04:46 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

বুধবার দুপুরে ইসির অনুমোদনের পর নাম, পিতা-মাতার নাম ও ঠিকানাসহ আনুষ্ঠানিকভাবে ২৯০ নবনির্বাচিত সংসদ সদস্যের ফলাফলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

তবে শপথ নেবেন ২৮৯ জন নির্বাচিত সাংসদ। কারণ শেখ হাসিনা দুটি আসন থেকে জয়ী হওয়ায় রংপুর-৬ আসন শূন্য ঘোষণা করা হয়েছে।

এছাড়া ফলাফল ঘোষণা করা হলেও যশোর-১ আসনে নির্বাচিত শেখ আফিলউদ্দিন ও যশোর-২ আসনে মনিরুল ইসলামকে ইসি কারণ দর্শানোর নোটিস দেয়ায় গেজেটে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়নি। নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সাদিক স্বাক্ষরিত নির্বাচিতদের গেজেট সন্ধ্যা সোয়া ৬টায় বিজি প্রেস থেকে ইসি সচিবালয়ে পৌঁছে। এরপরই ইসি উপ সচিব ফরহাদ আহম্মদ খান গেজেটের কপি নিয়ে সংসদ সচিবালয়ে যান।

দশম সংসদ নির্বাচনে ৩০০ সংসদীয় আসনে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া ভোটে ১৩৯ জন নির্বাচিত হন। বাকি আটটি আসনে পুনর্ভোট হবে ১৬ জানুয়ারি।

এ সংসদে আওয়ামী লীগ ২৩১, জাতীয় পার্টি ৩৩, ওয়ার্কার্স পার্টি ৬, জাসদ ৫, স্বতন্ত্র ১৪ এবং তরিকত ফেড়ারেশন, বিএনপি ও জেপি একটি করে আসন পেয়েছে। নব নির্বাচিত সংসদ সদস্যের নাম ও ঠিকানাসহ গেজেট প্রকাশ করার পর স্পিকার শপথ করা করান। এরপর আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হন।

গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। আর ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন বসারও কথা।

জটিলতা নিয়ে নিরবতা

এদিকে সংসদ বহাল অবস্থায় শপথ করানো হচ্ছে কি-না তা নিয়ে সরকার ও নির্বাচন কমিশন নিশ্চিত করে কিছু বলেনি। যদিও নির্বাচনকালীন সরকারের আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম কোনো আইনি জটিলতা দেখছেন না।

কামরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার তো মনে হয়, কোনো জটিলতা থাকবে না। এ বিষয়টি আমাদের উপদেষ্টাকে [সাবেক আইনমন্ত্রী] জিজ্ঞেস করেন। তিনি ভালো বলতে পারবেন।”

কিন্তু প্রধানমন্ত্রীর উপদেষ্টা শফিক আহমেদ কোনো মন্তব্য করতে চাননি। এ বিষয়ে নির্বাচন কমিশন অথবা সংসদ সচিবালয়ের কাছে জানার পরামর্শ দেন তিনি।

সাবেক আইনমন্ত্রী শফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন আমি এ বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট নই। আমারও তা জানা নেই। যারা শপথ করাবেন ও যারা গেজেট করেছেন তারাই জানবেন।”