সেই বুয়েট শিক্ষকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা
যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামানের রায় নিয়ে ফেইসবুকে মন্তব্যের জন্য তথ্য প্রযু্ক্তি আইনে মামলা হয়েছে বুয়েট শিক্ষক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।
এদিকে ওই শিক্ষককে হেনস্থা করায় বহিষ্কৃত দুই ছাত্রলীগ নেতাসহ চার শিক্ষার্থীকে ক্লাস ও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে বুয়েট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
অন্যদিকে ওই ঘটনায় সংগঠনের বুয়েট শাখার সভাপতি শুভ্রজোতি টিকাদার ও সাধারণ সম্পাদক আবু সাঈদ কনকের আজীবন বহিষ্কারাদেশ প্রত্যাহারে দাবিতে সমাবেশ করেছে ছাত্রলীগ।
বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষক জাহাঙ্গীর যুদ্ধাপরাধী কামারুজ্জামানের রায়ের পর ফেইসবুকে শিক্ষার্থীদের বিভিন্ন কথার পাল্টা মন্তব্যে লিখেছিলেন, “অপেক্ষা কর এবং দেখ। দিন দিন তোমরা সবাই রাজাকারের চেয়েও অধম হবে। অবিচার কখনই ভালো হয় না।”
তিনি আরও মন্তব্য করেন, “জয় বাংলা শুধু একটি দলকেই উপস্থাপন করে, জয় বাংলাদেশ বলুন। এটা অরাজনৈতিক। জয় বাংলা দুটি দেশকে উপস্থাপন করে।”
ফেইসবুকে ওই বাহাসের পর ক্যাম্পাসে হেনস্থার শিকার হন ওই শিক্ষক। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুভ্রজ্যোতি, কনকসহ চার শিক্ষার্থীকে শাস্তি দেয়।
ওই ঘটনার পর বুয়েটের এক শিক্ষার্থী ওই শিক্ষকের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেছিলেন। তার সঙ্গে রোববার রাতে আরেকটি মামলা যোগ হয়েছে।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের শিক্ষার্থী ভূঁইয়া মো. ফয়েজউল্লাহ মানিক বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে এই মামলাটি করেন।
নিজেকে ছাত্রলীগ নেতা ও স্লোগান একাত্তরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি পরিচয় দিয়ে মানিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাহাঙ্গীর আলম তার ফেইসবুক আইডিতে মানবতাবিরোধী মামলার রায় নিয়ে বিরূপ মন্তব্য করেছেন, দেশের রাষ্ট্রীয় অবকাঠামো নিয়ে কটাক্ষ করেছেন, মানবতাবিরোধী অপরাধের বিচারকে প্রশ্নবিদ্ধ করতে চেয়েছেন, তাই তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী মামলা করেছি।”
বুয়েটে সমাবেশ
সংগঠনের দুই নেতার আজীবন বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার সকাল ১১টায় বুয়েট শহীদ মিনারের সামনে সমাবেশ করে ছাত্রলীগ। সমাবেশ থেকে শিক্ষক জাহাঙ্গীর আলমের অপসারণও দাবি করা হয়।
বুয়েট ছাত্রলীগের উদ্যোগে এই সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, “বুয়েটকে জঙ্গি ও রাজাকারমুক্ত করতে হবে।”
বুয়েট শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, “আপনার নিজেদের বেতন-ভাতা বাড়াতে ছয় মাস ক্লাস বর্জন করেছিলেন। কিন্তু যখন বুয়েটের ছাত্র দীপকে জঙ্গিরা হত্যা করল, তখন কোনো কর্মসূচি দেননি।
“আবার রাজাকারের মদদদাতার পক্ষাবলম্বন করে শুভ্র ও কাকনকে বহিষ্কারের জন্য ক্লাস বর্জন করেছিলেন আপনারা। আপনারা যে আচরণ করেছেন এটা কোনো শিক্ষকের আচরণ নয়, ক্যাডারদের মতো আচরণ।”
অবিলম্বে শুভ্রজ্যোতি ও কনকের বহিষ্কারাদেশের প্রত্যাহার করা না হলে লাগাতার কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
হাই কোর্টের নির্দেশ
বহিষ্কৃত চার শিক্ষার্থীকে ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগসহ শিক্ষার্থী হিসেবে তাদের আনুষাঙ্গিক সুবিধা নিশ্চিত করতে বুয়েট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ আলাদা রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেয়।
রুলে তাদের বিভিন্ন মেয়াদে দেওয়া বহিষ্কারাদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। বুয়েট উপাচার্য, রেজিস্ট্রারসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
শুভ্রজ্যোতি ও কাকনের সঙ্গে বহিষ্কৃত অন্য দুই শিক্ষার্থী হলেন প্রতীক দত্ত ও রাতুল।
রিট আবেদনকারী পক্ষের আইনজীবী সাকিব রেজায়োন কবির সাংবাদিকদের বলেন, “এর ফলে ওই চার শিক্ষার্থী ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণের সুযোহসহ ছাত্র হিসেবে যাবতীয় সুবিধাদি ভোগ করতে পারবেন।”
গত ২০ এপ্রিল বুয়েট কর্তৃপক্ষ শুভ্রজ্যোতি ও কাকনকে আজীবন বহিষ্কার এবং প্রতীককে এক সেমিস্টারের জন্য, রাতুলকে হল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা বুয়েটের একাডেমিক কাউন্সিলের ২ মে আপিল করেন। তবে তা মঞ্জুর হয়নি। এরপর শিক্ষার্থীরা রোববার রিট আবেদন নিয়ে হাই কোর্টে যান।
