২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েট ছাত্রলীগের শীর্ষনেতারা বহিষ্কৃত

যুদ্ধাপরাধী  মুহাম্মদ কামারুজ্জামানের পক্ষ নিয়ে মন্তব্যের জের ধরে এক শিক্ষককে মারধর করার অভিযোগে বুয়েট ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ছাত্রত্ব বাতিল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2015, 01:00 AM

Updated : 22 Aug 2022, 12:08 PM

বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের বৈঠকে সভাপতি শুভ্র জ্যোতি ও সাধারণ সম্পাদক আবু সাঈদকে আজীবন বহিষ্কারের পাশাপাশি প্রতীক দত্ত ও রাতুল নামে দুই ছাত্রকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্তও হয়েছে।

বুয়েটের উপাচার্য অধ্যাপক খালেদা ইকরাম মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “আমরা পুরো বিষয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছি। বিশ্ববিদ্যালয়ে নিজস্ব আইন ও সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে মারধর ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করার জন্য তাদের বহিষ্কার করা হয়েছে।”

এদিকে প্রশাসনের সিদ্ধান্ত জানার পর বুয়েট ছাত্রলীগের নেতা-কর্মীরা তার প্রতিবাদ জানিয়ে উপাচার্যের বাড়ির সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানিয়েছে।

সাত দিনের মধ্যে সিদ্ধান্ত বাতিল না করলে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার হুমকি দিয়েছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা। বুধবার দুপুরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালনের কর্মসূচিও দিয়েছে তারা।

শিক্ষক জাহাঙ্গীর আলমকে হেনস্তার পর থেকে শিক্ষকরা কর্মবিরতি পালন করে আসছেন। ফলে প্রকৌশল শিক্ষার এই প্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।

প্রশাসনের সিদ্ধান্তের পর শিক্ষকদের ক্লাসে ফেরার ইঙ্গিত মিললেও এখন ছাত্রদের আন্দোলনের হুমকি রয়েছে।

বহিষ্কৃত আবু সাঈদ কনক সাংবাদিকদের বলেন, সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চিঠির মাধ্যমে বহিষ্কারের কথা জানতে পেরেছেন তিনি।

“বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। আমরা এ আদেশের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করব। আর প্রশাসন যদি বহিষ্কারাদেশ প্রত্যাহার করে, তাহলে সাধারণ শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে যাবে।”

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ আইনবিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী জানান, বুয়েট প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার উচ্চ আদালতে রিট আবেদন করবেন তারা।

জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায়কে কেন্দ্র করে ফেইসবুকে জাহাঙ্গীর আলম মন্তব্য করেছিলেন- ‘জয় বাংলা শুধু একটি দলকেই উপস্থাপন করে’, ‘জয় বাংলাদেশ বলুন। এটা অরাজনৈতিক। জয় বাংলা দুটি দেশকে উপস্থাপন করে।’

অন্য একটি মন্তব্যে তিনি লেখেন, “অপেক্ষা কর এবং দেখ। দিন দিন তোমরা সবাই রাজাকারের চেয়েও অধম হবে। অবিচার কখনই ভালো হয় না।”

ওই মন্তব্যের জের ধরে গত ১২ এপ্রিল শিক্ষার্থীরা হেনস্তা করে এই শিক্ষককে। তারা ওই শিক্ষকের শাস্তি দাবিতে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচিও পালন করে।

চার দিন আগে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে ঢাকার আদালতে মামলা করেন বুয়েট ছাত্রলীগের নেতা সায়েম হোসেন।

এদিকে ওই ঘটনার পর থেকে ওই শিক্ষকের ফেইসবুক পাতাটি আর সচল নেই। তার মোবাইল ফোনও বন্ধ।

পুরনো খবর:

বুয়েট শিক্ষক জাহাঙ্গীরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা