২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মৌলবাদী শিক্ষককে রক্ষায় ছাত্রলীগ নেতাদের বহিষ্কার’

বুয়েট ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2015, 01:32 AM

Updated : 22 Aug 2022, 12:09 PM

বুধবার ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ এবং সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এক বিবৃতিতে বলেছেন, “ঘাতকদের উসকানিদাতা বুয়েট শিক্ষক জাহাঙ্গীর আলমকে রক্ষা করার জন্য কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। অন্যায়ভাবে শিক্ষক সমিতির স্বৈরতান্ত্রিক চাপে বহিষ্কারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা।”

যুদ্ধাপরাধী মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের প্রতিক্রিয়ায় তার পক্ষে ফেইসবুকে সরব শিক্ষক জাহাঙ্গীরকে মারধরের অভিযোগে বুয়েট কর্তৃপক্ষ ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় সভাপতি শুভ্র জ্যোতি ও সাধারণ সম্পাদক আবু সাঈদকে আজীবন বহিষ্কার করে।

ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ওই সিদ্ধান্তের মধ্য দিয়ে তার অতীত ঐতিহ্য ও প্রগতিশীল চেতনা হারিয়েছে।

বুয়েট কর্তৃপক্ষ ওই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দিয়েছে সরকার সমর্থক ছাত্র সংগঠনটি।