২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ৫০ টাকার জন্য যুবক খুন

কক্সবাজার সদরে ৫০ টাকার জন্য এক যুবককে লাঠির আঘাতে খুন করার অভিযোগ পাওয়া গেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2015, 04:32 PM

Updated : 22 Aug 2022, 12:15 PM

রোববার রাত ৮টার দিকে খরুলিয়ার চেয়ারম্যান পাড়ায় এ হামলায় আহত হন স্থানীয় রশিদ আহমদের ছেলে আব্দুল করিম (৩২)।

সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সদর থানার ওসি কাজী মতিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সপ্তাহখানেক আগে করিম ওই এলাকার খোকনের কাছ থেকে ২৫০ টাকা মূল্যের একটি লুঙ্গি ও একটি রবি সিম কিনে দুইশ টাকা পরিশোধ করেন।

বাকি ৫০ টাকার জন্য রোববার রাতে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে খোকন লাঠি দিয়ে করিমের মাথায় আঘাত করেন।

ওই সময় করিম আহত হয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।

সেখানে অবস্থার অবনতি হলে সোমবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

ওসি জানান, মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।