২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীর একরাম হত্যা: অভিযুক্ত আসামি গ্রেপ্তার

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যায় অভিযুক্ত এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 07:15 PM

Updated : 25 Apr 2022, 01:20 PM

রোববার সকালে জেলা শহরের বিরিঞ্চি এলাকার আনিছপুকুর পাড় থেকে মোহাম্মদ মানিক ওরফে তোতা মিয়াকে (২৮) গ্রেপ্তার করা হয়।

বিকালে আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

ফেনী গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদ পেয়ে ডিবি পুলিশ সকালে আনিছপুকুর পাড়ে অভিযান চালায়।

গ্রেপ্তারের সময় তোতা মিয়ার কাছ থেকে একটি দেশে তৈরি এলজি, একটি পাইপগান ও সাত রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

তোতা মিয়া ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকার জাফর আহম্মেদের ছেলে। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় তিনটি হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে।

গত ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

ওই ঘটনায় নিহতের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপির নেতা মাহাতাব উদ্দিন আহম্মেদ চৌধুরী মিনারের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন।

তদন্তের পর পুলিশ ৫৬ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।

এ হত্যা মামলায় এ পর্যন্ত বিএনপি নেতা মিনার, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির আদেলসহ ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১৬ জন ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।