জাবি শিক্ষককে পেটানোয় পুলিশ সার্জেন্ট বরখাস্ত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে সড়কে পেটানোর অভিযোগ ওঠার পর ঢাকার এক ট্রাফিক সার্জেন্টকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
শনিবারের ওই ঘটনার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভের মধ্যে রোববার এই পদক্ষেপ নেয় পুলিশ।
ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার (ভারপ্রাপ্ত) এস এম জাহাঙ্গীর আলম সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রাফিক পুলিশের ঢাকা মহানগর উত্তর জোনের সার্জেন্ট মোহাম্মদ ইমরানকে সাময়িক বরখাস্ত করে তাকে পুলিশ কনট্রোল রূমে ন্যস্ত করা হয়েছে।”
শিক্ষককে নির্যাতনের অভিযোগ তদন্তে পুলিশ দুটি তদন্ত কমিটি গঠন করেছে। একটির প্রধান ডিসি নর্থ (ট্রাফিক) কুদ্দুস আমিন, অন্যটির প্রধান পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার ইকবাল হোসেন।
দুই কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর জানান।
শনিবার রাজধানীর উত্তরায় নির্যাতনের শিকার হন গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাকিব আহমেদ। তিনি বাবা-মাকে নিয়ে বিমানে সিলেট যেতে এয়ারপোর্ট যাচ্ছিলেন।
রাকিব বলেন, ভুল করে তার চালক ট্রাফিক সঙ্কেত না মানার পর সার্জেন্ট ইমরান গাড়ি থামিয়ে তা থানায় নিয়ে যেতে চাইছিলেন। তিনি মামলা দিয়ে গাড়ি ছেড়ে দিতে বলার এক পর্যায়ে তাকে লাঠি দিয়ে আঘাত করা হয় এবং পুলিশ বক্সে নিয়ে আটকে রাখা হয়।
শিক্ষকের ওপর পুলিশি হামলার প্রতিবাদে রোববার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন মহাসড়কে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
এদিকে রাকিব আহমেদের ওপর হামলাকারী পুলিশ সদস্যকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক মানববন্ধন থেকে এই দাবি জানান সমিতির সভাপতি মাসুম বিল্লাহ।
রাকিব আহমেদ ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।
সভাপতি মাসুম বিল্লাহ বলেন, “অধ্যাপক রাকিব আহমেদের ওপর হামলাকারী পুলিশ সদস্যকে ৪৮ ঘণ্টার মধ্যে স্থায়ীভাবে চাকরিচ্যুতির দাবি জানাচ্ছি। তা না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহম্মেদ বলেন, “সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি পুলিশের আক্রমণ থেকে সাংবাদিক, শিক্ষক এমনকি সাধারণ মানুষ কেউ রক্ষা পাচ্ছে না।
“তাদের এমন আচরণ সরকারের ভাবমূর্তি নষ্ট করছে। তাই এ ধরনের অসৎ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া দরকার।”
