২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের বিরুদ্ধে পেটানোর অভিযোগ বিশ্ববিদ্যালয় শিক্ষকের

রাজধানীতে ‘অসাবধানতাবশত’ ট্রাফিক সংকেত না মানায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে পেটানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2015, 02:22 AM

Updated : 25 Apr 2022, 01:21 PM

জাহাঙ্গীরনগরের গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাকিব আহমেদ জানান, শনিবার রাত ১০টার দিকে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটেছে।

তিনি বলেন, “ব্যক্তিগত গাড়িতে করে বাবা-মাসহ আমি এয়ারপোর্টে যাচ্ছিলাম। সেখানে রাত সোয়া ১০টায় সিলেটের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল।

“হাউজ বিল্ডিং এলাকায় ইমরান নামে এক ট্রাফিক সার্জেন্ট গাড়ি থামাতে সিগন্যাল দেয়। চালক খেয়াল না করায় ইমরান আমার গাড়ি আটকায় এবং কাগজপত্র নিয়ে গাড়ি নিয়ে যেতে চায়। তাকে আমি বিশেষভাবে অনুরোধ করি, ভুল হয়েছে- মামলা দিন, আমরা সিলেটে যাব, দয়া করে যেতে দিন।”

এই সময় ওই পুলিশ সার্জেন্ট তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং লাঠি দিয়ে আঘাত করেন বলে অভিযোগ করেন রাকিব।

নিজের পরিচয় দেওয়ার পরও ওই পুলিশে সার্জেন্ট বাবা-মায়ের সামনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে রাকিব জানান। পরে আরও দুই পুলিশ সদস্য আসেন এবং রাকিবকে পুলিশ বক্সে নিয়ে আটকে রাখা হয়।

এ বিষয়ে মহানগর পুলিশের উপ কমিশনার (ভারপ্রাপ্ত) এস এম জাহাঙ্গীর আলম সরকার বলেন, “একজন শিক্ষকের সঙ্গে এক ট্রাফিক সার্জেন্টের ভুল বোঝাবুঝি হয়েছে বলে জানতে পেরেছি। পরবর্তীতে বিষয়টির মীমাংসা হয়েছে।”