প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাট: আরো ২ কর্মকর্তা বরখাস্ত
গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুষ্ঠানের সময় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ায় দুই প্রকৌশলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এরা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মো. ইকরামুল হক এবং নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. আবুল হাসেম।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. কাজী আব্দুল খালিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই দুই প্রকৌশলীকে বরখাস্তের পাশাপাশি অধ্যাপক ড. মোফাজ্জল হোসেনকে প্রধান করে বিশ্ববিদ্যালয় একটি কমিটি গঠন করেছে।
এর আগের দিন একই ঘটনায় গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মকর্তাকে বরখাস্ত করা হয়।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়টির ষোড়শ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কয়েকটি স্থাপনা উদ্বোধনের সময় সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যুৎ চলে যায়। প্রায় ১৫ মিনিট বিদ্যুৎহীন থাকায় অনুষ্ঠানও থমকে ছিল।
এরপর গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম এবং উপমহাব্যবস্থাপক (টেকনিক্যাল) খান মো. বোরহান উদ্দিনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন।
গাজীপুরের পল্লী বিদ্যুৎ সমিতির ছায়াবিথী জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক নূর মোহাম্মদকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপকের দায়িত্বও দেয় কর্তৃপক্ষ।
পাশাপাশি ঘটনা তদন্তে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (পবিস ব্যবস্থাপনা) মো. আব্দুস সাত্তার বিশ্বাসকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
অন্য সদস্যরা হলেন- প্রধান প্রকৌশলী মোস্তাফিজুল হক চৌধুরী ও পরিচালক (সিস্টেম অপারেশন কেন্দ্রীয় অঞ্চল) অঞ্জন কান্তি দাস।
এই কমিটির সদস্যরা রোববার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন।
এদিকে ঘটনা তদন্তে গাজীপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেনকে প্রধান করে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
বাকিদের মধ্যে একজন অতিরিক্ত পুলিশ সুপার, জেলা গণপূর্ত উপসহকারী প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী (পূর্ব) ও নির্বাহী প্রকৌশলী (পশ্চিম) বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রয়েছেন।
