২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের কৃষিবিমুখ হওয়া ঠেকাতে হবে: প্রধানমন্ত্রী

নগরায়ন ঘটলেও শিক্ষার্থীরা যেন কৃষিবিমুখ না হয়ে পড়ে সেজন্য পাঠ্যসূচিতে কৃষি শিক্ষাকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2015, 03:21 PM

Updated : 12 Oct 2022, 03:40 PM

পুরনো খবর:

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাট: আরো ২ কর্মকর্তা বরখাস্ত

“আমাদের ছেলেমেয়েকে এই শিক্ষা দিতে হবে; ক্ষেতে যেতে হবে, কিভাবে ফসল গড়ে ওঠে জানতে হবে। ছেলেমেয়েরা যেন কৃষি কাজ থেকে বিমুখ না হয়।”

“তা নাহলে ধান গাছ থেকে তক্তা হয় কি না, এই প্রশ্নও একদিন আসবে,” শনিবার গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ষোড়শ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বলেন তিনি।

শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তার দিকে ইঙ্গিত করেই পাঠ্যসূচিতে কৃষিকে গুরুত্ব দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশে নগরায়নের এই যুগে শিশুরা কৃষির প্রতি আগ্রহ হারালে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্য বাধাগ্রস্ত হবে বলে স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা।

নগরে শিশুদের বেশির ভাগ সময় ঘরে থাকার বিষয়টি তুলে অপরিকল্পিত নগরায়নের সমস্যাও তুলে ধরেন তিনি।

“শহরে ফ্ল্যাটের মধ্যে ফার্মের মুরগির মতো বাচ্চারা বড় হচ্ছে। কেউ একটুও জায়গা ছাড়ে না। একটু গাঁথনি তুলতে পারলেই লাভ। সকলে লাভের দিকটাই দেখে।”

কৃষিক্ষেত্রে গবেষণার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “গবেষণার ফলেই এখন বারো মাসই সব তরি-তরকারি পাওয়া যাচ্ছে। উৎপাদনেও বৈচিত্র্য এসেছে। আমাদের কৃষিক্ষেত্রে যারা গবেষণা করছে, তাদের মতো সাফল্য বিশ্বে কেউ দেখাতে পারে নাই।”

তবে এই গবেষণা অব্যাহত রাখতে কৃষিবিদদের প্রতি আহ্বান জানিয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।

আওয়ামী লীগ ক্ষমতায় আসলে উদার হাতে গবেষণার জন্য সহায়তা করে বলে প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন।

নদীর দুই পাড়ে ফলের চাষ করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এত প্রশস্ত নদী দরকার নেই। আমাদের নাব্যতা দরকার। নদীর দু’পাশে যে আমরা ভূমি উদ্ধার করছি, সেখানে ফল চাষ করতে পারি।”

পার্বত্য চট্টগ্রামে কী করে আরও ফল ও সবজী উৎপাদন করা যায়, সে দিকে গবেষকদের নজর দিতেও বলেন তিনি।

খাদ্য উৎপাদনের সঙ্গে সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের মাধ্যমে খাদ্য প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, “খাদ্যভাবের দেশ নয়; দেখাতে হবে বাংলাদেশও বিশ্বকে খাওয়াতে পারে।”

বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পৌছেই প্রধানমন্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, ড. এম এ ওয়াজেদ মিয়া কেন্দ্রীয় গবেষণাগার, শহীদ আহসান উল্লাহ মাস্টর হল, কৃষি অনুষদ ভবন, ফিশারিজ অনুষদ ভবন, ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদ ভবন এবং বেগম সুফিয়া কামাল অডিটরিয়াম উদ্বোধন করেন।

এছাড়াও প্রফেসর ড. এল এম আইজগ্রুবার গ্রাজুয়েট স্টাডিজ অনুষদ ভবন, শহীদ তাজউদ্দীন আহমদ হল, ইলা মিত্র হল এবং কৃষিবিদ কাজী এম বদরুদ্দোজা বহিরাঙ্গন কেন্দ্রের নামফলকও উন্মোচন করেন তিনি।

ইন্সটিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ ইন এগ্রিকালচারকে (ইপসা) আওয়ামী লীগ সরকার আমলে বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার পর স্বল্প সময়ে কৃষি বিষয়ক গবেষণায় পাওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

উত্তরবঙ্গে কৃষকদের জন্য বঙ্গবন্ধু ধান নামে পরিচিত বিইউ ধান-১ উদ্ভাবন করায় বিশ্ববিদ্যালয়ের গবেষকদের প্রতিও ধন্যবাদ জানান তিনি।

১৯৯৬ সালের আগে কোনো সরকার কৃষি গবেষণার জন্য অর্থ বরাদ্দ দিত না উল্লেখ করে তিনি বলেন, “১৯৯৬-এ ক্ষমতায় এসে ১২ কোটি টাকা থোক বরাদ্দ দিই।”

২০০৯ সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর সারের দাম তিন দফা কমানোর কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগ সরকারের সময়ে সার চাইতে হয়নি, সার কৃষকের পেছন পেছন গেছে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য সাংসদ জাহিদ আহসান রাসেল, সাংসদ আব্দুল মান্নান ও আ ফ ম বাহাউদ্দিন নাছিমও বক্তব্য রাখেন।