সিলেটে ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত
সিলেট নগরীতে পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন, আহত হন ওই রিকশার দুই আরোহী।
বিমানবন্দর থানার ওসি গৌছুল হোসেন জানান, শুক্রবার আম্বরখানা দর্শন দেউড়ি এলাকায় এ দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি আটক করে এবং চালককে ধরে পুলিশে দেয়।
নিহত রিকশাচালকের পরিচয় জানা যায়নি।
আহতরা হলেন- জয়তুন বেগম (৬৫) ও সাজেদ মিয়া (১৮)। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১১টার দিকে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ থেকে পাথর বোঝাই একটি ট্রাক ওই এলাকা দিয়ে যাচ্ছিল।
ওই সময় একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালকের মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় ট্রাক চালক সুমনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় তারা।
আটক সুমন মিয়ার (২৫) বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার পদ্মখোলা গ্রামে বলে জানান ওসি গৌছুল।
