যাত্রাবাড়ীতে হেলে পড়েছে সাততলা ভবন
রাজধানীর যাত্রাবাড়ীতে নিয়ম ভেঙে গড়ে তোলা একটি সাততলা ভবন হেলে পড়ায় বাসিন্দাদের সরিয়ে নিয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহাজাদী সুলতানা জানান, শুক্রবার সকালে ধলপুরের লিচুবাগান এলাকার ৩৫/৫ নম্বর বাড়িটি হেলে পড়ার খবর পেয়ে উদ্ধারকর্মীদের একটি ইউনিট সেখানে যান।
ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা সকাল সাড়ে ৮টার দিকে মাইকিং করে ওই বাড়ির বাসিন্দাদের সরে যেতে বলেন। পরে পুলিশের উপস্থিতিতে সেখান থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়।
যাত্রাবাড়ী থানার এসআই মো. শাহজাহান বলেন, “ঘটনাস্থলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তারাও এসেছেন। কেন ভবনটি হেলে পড়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”
স্থানীয়রা জানান, ‘রাশিদা ভিলা’ নামের ওই ভবনের মালিক মো. জনাব আলী নামের এক ব্যক্তি। তবে তিনি ওই বাড়িতে থাকেন না। ভবন হেলে পড়ার পর সেখানে তাকে খুঁজেও পাওয়া যায়নি।
পাশের একটি ভবনের মালিক শিল্পী বেগম জানান, যে বাড়িটি হেলে পড়েছে সেটি আগে চারতলা ছিল; নির্মাণ করা হয়েছে দীর্ঘদিন আগে।
“বাড়ির মালিক একসময় বিদেশে ছিলেন। দেশে ফিরে তিনি চারতলার ওপর নিজের ইচ্ছা মাফিক আরও তিনটি ফ্লোর করেন।”
সকালে ভবন হেলে পড়ার পর জনাব আলীকে ফোন দিয়ে পাওয়া যায়নি বলে এলাকার বাসিন্দারা জানান।
হেলে পড়া বাড়ির বাসিন্দারা জানান, ভবনটির চারতলা পর্যন্ত প্রতি ফ্লোরে চারটি করে ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যটে দুটি ঘর ও রান্নাঘর রয়েছে। তবে অনেক পরিবার সাবলেট দেওয়ায় সেখানে থাকে আরও বেশি পরিবার।
আর চারতলার ওপরে তিনটি তলায় কোনো নকশা মানা হয়নি। ছোট ছোট ঘিঞ্জি ঘর করে শ্রমিজীবী মানুষদের ভাড়া দেওয়া হয়েছে।
ঘটনাস্থল ঘুরে এসে আমাদের আলোকচিত্রী আসিফ মাহমুদ অভি জানান, ওই ভবনের চতুর্থ তলা থেকে উপরের অংশ পাশের ভবনের দিকে ঝুঁকে পড়ার বিষয়টি খালি চোখেই বোঝা যায়।
ভবনটির পঞ্চম তলার বাসিন্দা মাসুদা জানান, আড়াই বছর ধরে তারা ওই বাড়িতে থাকেন।
“আমরা আগে বুঝতে পারিনি। সকালে ঘুম থেকে উঠে বাইরে লোকজনের চেচামেচি শুনি। পরে বুঝলাম বিল্ডিং হেলে গেছে।”
দুই ছেলে আর এক মেয়েকে নিয়ে এক কাপড়েই ঘর ছাড়তে হয়েছে বলে জানান তিনি।
ছয় দিন আগে গত ২৫ এপ্রিল নেপালে ভয়াবহ ভূমিকম্পে ভারত ও বাংলাদেশও কেঁপে ওঠে। ৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পে নেপালে নিহতের সংখ্যা ছয় হাজার ছাড়িয়ে গেছে।
শক্তিশালী ওই ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশেও দেয়াল ধসে, হুড়োহুড়িতে নামতে গিয়ে প্রাণহানীর ঘটনা ঘটেছে। ঢাকা সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ভবনে ফাটল দেখা গিয়েছে।
