২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বাবার’ হাতে ছেলে খুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পারিবারিক কলহের জের ধরে ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2015, 07:48 PM

Updated : 25 Apr 2022, 01:18 PM

বুধবার বিকাল ৪টার দিকে উপজেলা সদরের হাসপাতাল পাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত আমজাদ মিয়া (৩২) ওই এলাকার ফরিদ মিয়ার (৬০) ছেলে।

এ ঘটনার পর থেকেই ফরিদ মিয়া পলাতক রয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তার স্ত্রীকে।

নবীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আলাউদ্দিন জানান, প্রায় তিন মাস আগে আমজাদ ওমান থেকে দেশে ফিরেছেন।

সম্প্রতি টাকা-পয়সা নিয়ে বাবা-মার সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে সকালে বাবার সঙ্গে কথা কাটাকাটিও হয়।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে আলাউদ্দিন জানান, দুপুরে আমজাদ নিজ কক্ষে ঘুমিয়েছিলেন। এ সময় ফরিদ মিয়া ওই কক্ষে গিয়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন।

আশঙ্কাজনক অবস্থায় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মাকে আটক করা হয়েছে বলে এই সহকারী পুলিশ সুপার জানান।