পুরান ঢাকায় কারখানায় অগ্নিকাণ্ড
রাজধানীর পুরান ঢাকায় একটি কারখানায় আগুন লেগে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নবাবপুর রোডের রথখোলা মোড় এলাকায় দোতলা বাড়ির দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদী সুলতানা জানান, টিনশেডের ওই কারখানায় আগুন লাগার প্রায় আধা ঘণ্টার মধ্যে তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
রশিদ ও আবুল নামে দুজন কারখানাটির মালিক।
তারা জানান, ওই কারখানায় ছোটদের গেঞ্জি ও জুতায় ছাপের মাধ্যমে নানা ধরনের চিত্র ফুটিয়ে তোলা হয়।
রশিদ বলেন, ওই কারখানায় রাতে কেউ ছিলেন না। তাই কেউ আহত হননি।
“প্রায় দশ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।”
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিস কর্মকর্তারা।
