রাজধানীতে যুবলীগ নেতার ‘আত্মহত্যা’
রাজধানীর ধানমন্ডিতে এক যুবলীগ নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত এনায়েত কবির চঞ্চল (৫০) যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলির সদস্য ছিলেন।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ধানমণ্ডি-১ এ তার নিজের বাসা থেকে মাথায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয় বলে ধানমণ্ডি থানার ওসি আবু বকর সিদ্দিক জানান।
ভবনের বাসিন্দারা গুলির শব্দ পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বলে জানান তিনি।
ওসি বলেন, “ভবনের নিচতলায় গ্যারেজের পাশের বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। বাথরুমের দরজা ভিতর থেকে বন্ধ ছিল, সেটি ভেঙে ভিতরে ঢুকে লাশটি পড়ে থাকতে দেখা যায়। তার ডানহাতে পিস্তল ছিল।”
এই যুবলীগ নেতা আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।
চঞ্চলের বাড়ি নড়াইলের নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামে। স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে তিনি ধানমণ্ডির ওই বাসায় থাকতেন বলে তার এলাকার ছেলে আওয়ামী লীগের উপ কমিটির সহ সম্পাদক হাসনাত এ চৌধুরী জানান।
চঞ্চল মাইগ্রেনের সমস্যায় ভুগছিলেন জানিয়ে তিনি বলেন, “উনি (চঞ্চল) বাথরুমের দরজা আটকে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন বলে তার স্ত্রী-ছেলেরা জানিয়েছেন।”
ব্যবসায়ী চঞ্চল রাজধানীর ইস্টার্ন মল্লিকা মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি ছিলেন। তিনি শেখ জামাল ফুটবল ক্লাবের পরিচালক ছিলেন বলেও জানান হাসনাত।
তিনি বলেন, চঞ্চলের বড় ছেলে তন্ময় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র। মেঝ ছেলে তাওহিদ আহসান একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ‘ও’ লেভেলের এবং ছোট ছেলে আদনার নবম শ্রেণির ছাত্র।
