সেনা মোতায়েন নিয়ে দ্বিধা ইসিতে
ঢাকা ও চট্টগ্রামে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন হবে কি না, সে বিষয়ে আলোচনা চললেও সিদ্ধান্ত নিতে পারেনি নির্বাচন কমিশন।
সোমবার দিনভর এ নিয়ে নথি চালাচালি হলেও বিকালে ইসি সচিব সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “এটি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।”
প্রধান নির্বাচন কমিশনার অন্য চার নির্বাচন কমিশনারকে নিয়ে অনানুষ্ঠানিক বৈঠক করলেও মতৈক্য হয়নি বলেই কোনো সিদ্ধান্ত হয়নি বলে ইসি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে।
২৮ এপ্রিল অনুষ্ঠেয় নির্বাচনে সেনা মোতায়েনের দাবি বিএনপির। আওয়ামী লীগ তার প্রয়োজন মনে করছে না। আইনশৃঙ্খলা বাহিনীর মতও সেনা মোতায়েনের বিপক্ষে।
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে সেনা মোতায়েনে সশস্ত্রবাহিনী বিভাগের কাছে চিঠি দিয়ে সাড়া পায়নি তৎকালীন এ টি এম শামসুল হুদা নেতৃত্বাধীন তৎকালীন নির্বাচন কমিশন।
তখন ইসির পক্ষ তেকে ব্যাখ্যা দেওয়া হয়েছিল, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় প্রক্রিয়া সম্পন্ন করে সেনা মোতায়েন সম্ভব হয়নি।
এবার নির্বাচনের আগে মঙ্গলবার ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি ফিরবেন ভোটের পাঁচ দিন আগে ২৩ এপ্রিল।
প্রধানমন্ত্রীর বিদেশ যাওয়ার আগের দিন সেনা মোতায়েনের বিষয়টি নিয়ে ব্যাপক তৎপরতা দেখা যায় ইসিতে। তবে দিন শেষে সিইসি কাজী রকিব উদ্দীন আহমদ এ নিয়ে কোনো কথাও বলেননি।
আইন শৃঙ্খলা বাহিনীর মত নেওয়ার একদিন পর সোমবার সকালে নির্বাচন কমিশনারদের নিয়ে বৈঠকে বসেন সিইসি। সেনা চাওয়া হবে কি হবে না, তা নিয়ে নির্বাচন কমিশনারদের মতামত নেওয়া চলে।
নির্বাচন কমিশন
বৈঠকের পর দুপরে একজন জ্যেষ্ঠ সহকারী সচিবকে নথি নিয়ে নির্বাচন কমিশনারদের কক্ষে যেতে দেখা যায়।
নাম প্রকাশ না করার শর্তে একজন নির্বাচন কমিশনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিটি নির্বাচনে সেনা মোতায়েন করা হবে কি না, তা নিয়ে আমার মতামত তুলে ধরেছি।”
আরেকজন নির্বাচন কমিশনার বলেন, “আগে তো কখনও সিটি নির্বাচনে সেনা মেতায়েন করা হয়নি। দেখি, কী সিদ্ধান্তে পৌঁছা যায়।”
সেনা মোতায়েন সংক্রান্ত ইসির ফাইলে সবার লিখিত মতামত শেষে বিকাল তিনটা-চারটার মধ্যে সিদ্ধান্ত জানা যাবে বলে এক নির্বাচন কমিশনার জানান।
সিইসি সিদ্ধান্ত জানাতে পারেন বলে জানিয়েছিলেন ইসির কয়েকজন কর্মকর্তা। কিন্তু একে একে চার নির্বাচন কমিশনার চলে যান, বিকাল ৫টার পর সিইসিও চলে যান।
এরপর ইসি সচিব সিরাজুল ইসলাম মাগুরা-১ উপনির্বাচনের তফসিল ঘোষণা করতে আসেন। সেখানে সাংবাদিকদের জিজ্ঞাসায় তিনি বলেন, সেনা মোতায়েনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
