২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট জেলা প্রশাসনের গাড়িতে ফেনসিডিল, চালক আটক

সিলেট জেলা প্রশাসনের একটি গাড়িতে ৩৭৫ বোতল ফেনসিডিল পাওয়ার পর চালককে আটক করেছে র‌্যাব।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2015, 12:16 PM

Updated : 22 Aug 2022, 12:05 PM

র‌্যাব-৯ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর হুমায়ুন কবির জানান, মঙ্গলবার রাতে নগরীর শিবগঞ্জ এলাকা থেকে রুমন মিয়া নামের ওই গাড়ি চালককে আটক করা হয়।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুমন বলেছেন, তিনি গত দুই বছর ধরে সরকারি গাড়ি ব্যবহার করে ফেনসিডিল আনা নেওয়ার কাজ করছিলেন।”

জেলা প্রশাসক শহীদুল ইসলামের স্ত্রী বেশিরভাগ সময় গাড়িটি ব্যবহার করতেন বলে র‌্যাবকে জানিয়েছেন রুমন।

মাদক আইনে মামলা করে তাকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব কর্মকর্তা হুমায়ুন কবির জানান।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল হক জানান, বুধবার সকালে রুমনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মেজর হুমায়ুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে একটি সরকারি গাড়ি ব্যবহার করে ফেনসিডিল আনা নেওয়ার তথ্য পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জ এলাকায় রুমনের গাড়ি আটকায় র‌্যাব সদস্যরা।

“রুমন সার্কিট হাউজ থেকে উপশহরের দিকে যাচ্ছিলেন। গাড়ি তল্লাশি করে ৩৭৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।”

অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল হক বলেন, রুমনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।