বরিশাল জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার
বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরউদ্দিন মো. বাবরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার নগরীর কালু শাহ্ সড়ক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাবর পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি।
গত বছরের ৩১ ডিসেম্বর ভোরে হরতালের সমর্থনে বরিশাল স্টেডিয়াম এলাকায় মিছিল বের করে জামায়াত-শিবিরকর্মীরা। তারা সড়কে পেট্রোল ঢেলে আগুনও ধরায়।
কোতোয়ালি মডেল থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, “ওই সময় নগর পুলিশের বিশেষ শাখার (সিটিএসবি) ওয়াচার জয়নাল আবেদিন তাদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে জামায়াত-শিবিরকর্মীরা তাকে মারধর এবং কামড়ে আহত করে।”
ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করে। বাবর ওই মামলার এজাহারভুক্ত আসামি বলে ওসি জানান।
