২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নব আনন্দে জাগো

পৃথিবীর আবর্তনে প্রতিদিনের মতো সূর্য উঠলেও মঙ্গলবার ভিন্ন তাৎপর্য নিয়ে তা এসেছে বাংলাদেশে। এ সূর্য যে ভোর নিয়ে এলো, তা সূচনা ঘটালো বাংলা নতুন বছরের। স্বাগত ১৪২২।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শহীদুল ইসলাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2015, 08:45 AM

Updated : 12 Oct 2022, 03:33 PM

পুরনো খবর:

‘মৌলবাদীবিরোধী লড়াইয়ের হাতিয়ার হোক বর্ষবরণ’

সূর্যোদয়ে চিরনতুনের ডাক দিয়ে আসা পহেলা বৈশাখ যেন রঙ ছড়িয়ে দিয়েছে বাঙালির মনে, যার প্রকাশ ঘটেছে নারী-পুরুষের রঙিন সাজে, শিশুর মুখে ফুটে ওঠা আনন্দের হাসি আর বর্ণিল পোশাকে।

নানা আয়োজনে, নানা আঙ্গিকে বর্ষবরণ চলছে সারা দেশজুড়ে। পূব আকাশে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে রাজধানীর রমনার বটমূলে শুরু হয় ছায়ানটের বর্ষবরণের আয়োজন।

সেই কাকডাকা ভোর থেকেই নগরবাসীর অনেককেই ছুটতে দেখা যায় রমনা পানে। বটমূলে বর্ষবরণের আয়োজন শুরুর বেশ আগে থেকেই সেখানে দলে দলে সমবেত হতে থাকে মানুষ।

অনুষ্ঠান শুরুর পর জনতার ঢল নামে রমনায়। কিছুক্ষণের মধ্যেই বটমূলের অনুষ্ঠানস্থল উপচে মানুষ ছড়িয়ে পড়ে আশপাশে। এক সময় পুরো রমনাই লোকে লোকারণ্য হয়ে যায়।

ঘড়ির কাটায় সোয়া ৬টা বাজতেই রমনার মঞ্চ থেকে ভেসে আসে সেতারের সুর। এর মধ্য দিয়ে ছায়ানটের শিল্পীরা নতুন বছরকে স্বাগত জানান। এরপর চলে রবীন্দ্র সংগীত। শিল্পীদের সুরের মূর্ছনায় মুগ্ধ হন হাজারো শ্রোতা।

‘শান্তি, মানবতা ও মানুষের অধিকার’ শিরোনামে ছায়ানট পহেলা বৈশাখ উদযাপন করছে। প্রতি বছরের মতো এবারও ভক্তিরস ও দেশপ্রেমের একক এবং দলীয় সঙ্গীত পরিবেশন করছেন ছায়ানটের শিল্পীরা।

এই উৎসবে যোগ দিতে বিভিন্ন বয়সের নারী-পুরুষের সঙ্গে বাবা-মার হাত ধরে রমনামুখী হয়েছে শিশুরাও। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আর্চওয়ে পার হয়ে পার্কে ঢুকতে দেওয়া হয়।

সকাল ৭টার আগেই রমনায় প্রবেশে দীর্ঘ লাইন পড়তে দেখা যায়।  আগতদের বাতাসা আর গোলাপ ফুল তুলে দিয়ে বর্ষবরণ উৎসবে স্বাগত জানান পুলিশ সদস্যরা।

Image
উগ্র সাম্প্রদায়িকতা প্রতিরোধের ডাক দিয়ে বাংলা নতুন বছরের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারু কলা অনুষদের আয়োজনে ‘মঙ্গল শোভাযাত্রা’।ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

উগ্র সাম্প্রদায়িকতা প্রতিরোধের ডাক দিয়ে বাংলা নতুন বছরের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারু কলা অনুষদের আয়োজনে ‘মঙ্গল শোভাযাত্রা’।ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সকাল ৮টা ২০ মিনিটে ছায়ানটের শিল্পীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। তাদের সঙ্গে দাঁড়িয়ে কণ্ঠ মেলান হাজারো মানুষ।

লাল পাড়ের সাদা শাড়িতে নারী, আর অধিকাংশ পুরুষকে দেখা যায় পাজামা-পাঞ্জাবিতে। বিভিন্ন বয়সের মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে রমনা পার্ক ও আশপাশের এলাকা।

বেশ কয়েকজন বিদেশিকেও দেখা গেছে পাজামা-পাঞ্জাবি পরে রমনার উৎসবে যোগ দিতে। এদের কারো কারো গালে ফুটে উঠেছে বৈশাখী আলপনা।

রমনায় ছায়ানটের আয়োজনের সমাপ্তি টানার পরপরই শুরু হয় মঙ্গল শোভাযাত্রা।

‘অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে’ প্রতিপাদ্য নিয়ে এবারের ‘মঙ্গল শোভাযাত্রা’য় যোগ দেন হাজারো মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে শোভাযাত্রাটি চারুকলার সামনে থেকে বের হয়ে রূপসী বাংলা হোটেল চত্বর ঘুরে চারুকলার সামনে এসে শেষ হয়।

রমনার পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, শিশুপার্ক, বাংলা একাডেমিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশেও উৎসব ছড়িয়ে পড়েছে।

বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের উদ্যোগে সকাল ৮টায় কলাভবনের সামনের বটতলায় বসে বাংলা গানের আসর। সকাল ১০টায় নাট মণ্ডল প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের উদ্যোগে থাকছে পরিবেশনা।

কলাভবনের সামনের সবুজ চত্বরে সকাল সাড়ে ১০টায় শুরু হবে বাংলা বিভাগের দিনব্যাপী আয়োজন। বর্ষবরণের শোভাযাত্রা শেষে সঙ্গীত, নৃত্য, আবৃত্তির মধ্য দিয়ে চলতে থাকবে আয়োজন। বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় বিকালে থাকবে মাইকেল মধুসূদন দত্তের প্রহসন ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ অবলম্বনে নাটক; আর সন্ধ্যায় সেলিম আল দীন-এর ‘কিত্তনখোলা’।

Image
রাজধানীর রমনা বটমূলে মঙ্গলবার বর্ষবরণের অনুষ্ঠানে গান গাইছেন ছায়ানটের শিল্পীরা। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজধানীর রমনা বটমূলে মঙ্গলবার বর্ষবরণের অনুষ্ঠানে গান গাইছেন ছায়ানটের শিল্পীরা। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Image
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র-শিক্ষকদের ‘আনন্দ শোভাযাত্রা’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র-শিক্ষকদের ‘আনন্দ শোভাযাত্রা’

বাংলা একাডেমি চত্বরে বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয়েছে সকাল সাড়ে ৭টায়। একক বক্তৃতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বরচিত ছড়া-কবিতা পাঠে চলছে তাদের বর্ষবরণ। এ ছাড়া বিসিকের সঙ্গে যৌথ উদ্যোগে থাকছে বৈশাখী মেলা।

মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে সকাল ৯টা থেকে শুরু হয়েছে বর্ষবরণের অনুষ্ঠান। এতে থাকছে নাচ, বাউল গানসহ নানা পরিবেশনা।

বাসাবো বালুর মাঠে সকাল ৭টায় শুরু হয়েছে উদীচী শিল্পীগোষ্ঠীর বর্ষবরণের অনুষ্ঠান। সেখানে থাকছে গীত, নৃত্য, আবৃত্তি ও নাটক।

বিভিন্ন সমাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে পুরো ঢাকাজুড়েই বর্ষবরণের ছোট ছোট আয়োজন শুরু হয়েছে সকাল থেকেই।

বর্ষবরণ উৎসব ঘিরে রমনা পার্ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কড়া টহল রয়েছে।

দুই চাকার একটি যানে (টু-হুইলার) চেপে বেশ কয়েকজন পুলিশ সদস্যকে রমনা বটমূলের মঞ্চের আশপাশে টহল দিতে দেখা গেছে। ওয়াকিটকির সঙ্গে অস্ত্রও রয়েছে তাদের কাছে। র‌্যাবের ওয়াচটাওয়ার থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে পুরো এলাকা।

এদিকে ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালির এই উৎসব ঘিরে বিভিন্ন জিনিসের পসরা নিয়ে বসেছেন দোকানিরা। ভিনদেশি ‘ভুভুজেলা’ বাজিয়ে বিকট শব্দ করে মাতোয়ারা হচ্ছেন অনেকেই। আর বাঁশি, একতারা-দোতারা, ঢোলসহ বিভিন্ন ধরনের বাদযন্ত্রও বিক্রি হচ্ছে।

পান্তা-ইলিশের পাশাপাশি বিভিন্ন ধরনের পিঠা-পুলিও বিক্রি হতে দেখা গেছে। রয়েছে চিনির তৈরি বিভিন্ন খাবারও।

ঢাকাসহ সারা দেশেই বিভিন্ন সংগঠনের উদ্যোগে পহেলা বৈশাখ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Image
উগ্র সাম্প্রদায়িকতা প্রতিরোধের ডাক দিয়ে বাংলা নতুন বছরের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারু কলা অনুষদের আয়োজনে ‘মঙ্গল শোভাযাত্রা’।ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

উগ্র সাম্প্রদায়িকতা প্রতিরোধের ডাক দিয়ে বাংলা নতুন বছরের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারু কলা অনুষদের আয়োজনে ‘মঙ্গল শোভাযাত্রা’।ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইতিহাস বলে, রাজস্ব আদায়ের সুবিধার জন্য মোঘল সম্রাট আকবরের যুগে প্রবর্তন হয়েছিল বাংলা সালের। ষোড়ক শতকে আকবর ‘ফসলী সন প্রবর্তনের মাধ্যমে যে বাংলা সাল চালু করেছিলেন সময়ের বিবর্তনে সেই দিনটি এখন বাঙালির প্রাণের উৎসব পরিণত হয়েছে।

আকবরের নবরত্নসভার আমির ফতেহ উল্লাহ সিরাজি খাজনা আদায়ের সুবিধার জন্য হিজরি চান্দ্রবর্ষকে সৌরবর্ষের সঙ্গে মিলিয়ে নিয়ে ফসলি সালের গণনা শুরু করেছিলেন।

তিনিই হিজরিকে বাংলা সালের সঙ্গে সমন্বয় করে বৈশাখ থেকে বাংলা নববর্ষ গণনা শুরু করেছিলেন। বৈশাখ নামটি নেওয়া হয়েছিল নক্ষত্র ‘বিশাখা থেকে।

ইতিহাসের পাতা উল্টে জানা যায়, পয়লা বৈশাখে আকবর মিলিত হতেন প্রজাদের সঙ্গে। সবার শুভ কামনা করে চারদিকে বিতরণ হতো মিষ্টি। এরপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে বর্ষবরণ উৎসব চলে আসে জমিদার বাড়ির আঙিনায়। খাজনা আদায়ের মতো একটি রসহীন বিষয়ের সঙ্গে যুক্ত হয় গান বাজনা, মেলা আর হালখাতার অনুষ্ঠান।

আজ আর খাজনা আদায় নেই, কিন্তু রয়ে গেছে উৎসবের সে আমেজ। সেটা এখন ছড়িয়ে পড়েছে শহর বন্দর আর গ্রামে, জাতি-বর্ণ নির্বিশেষে সব বাঙালির মাঝে।