২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মৌলবাদীবিরোধী লড়াইয়ের হাতিয়ার হোক বর্ষবরণ’

ফুরোলে ১৪২১ সাল, আরেকটি নতুন সূর্যের প্রত্যাশা এখন বাংলাদেশজুড়ে। আর বর্ষবরণের এই উৎসবকে মৌলবাদবিরোধী সংগ্রামের অংশে পরিণত করতে আহ্বান এসেছে নানা দিক থেকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2015, 01:35 AM

Updated : 12 Oct 2022, 03:33 PM

পুরনো খবর:

‘অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে’
বিকাল ৫টার পর উন্মুক্ত স্থানে বর্ষবরণের অনুষ্ঠান নয়

গত তিন মাসের রাজনৈতিক সহিংসতার পর সিটি নির্বাচনের মধ্যে আপাত শান্তিময় পরিস্থিতিতে ক্ষমতাসীন নেত্রীর সঙ্গে আন্দোলনরত নেত্রীর নববর্ষের শুভেচ্ছা কার্ড বিনিময়েও এক ধরনের স্বস্তির বার্তা পাচ্ছে দেশবাসী।

তবে গত দুই মাসে সাম্প্রদায়িকতাবিরোধী দুই লেখককে খুন এবং নতুন জঙ্গি সংগঠনের সন্ধান এক রকম শঙ্কা ছড়িয়েছে দেশবাসীর মধ্যে। এর প্রভাব পড়ছে এবারের বর্ষবরণের উৎসবেও, তবে প্রতিরোধের ডাক দিয়ে।

নগরে বর্ষবরণের অন্যতম প্রধান অনুষঙ্গ চারুকলার মঙ্গল শোভাযাত্রা তাই ধর্মান্ধ অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানাবে বলে আয়োজকরা জানিয়েছেন।

দেশব্যাপী বর্ষবরণের সব অনুষ্ঠান মৌলবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের হতিয়ার হিসেবে দেখতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার মঙ্গল শোভাযাত্রার পাশাপাশি অর্ধশতকের ইতিহাস নিয়ে বর্ষবরণের প্রধান অনুষঙ্গে পরিণত হওয়া রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠানেও মৌলবাদবিরোধিতার ডাক থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।

ঢাকা ও চট্টগ্রামে সিটি নির্বাচনের মধ্যে এবার বর্ষবরণের সব অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করতে সবার প্রতি আহ্বান রেখেছে পুলিশ। সেই সঙ্গে তারা বলেছে, সব আয়োজন নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন।

অন্যদিকে বর্ষবরণের আয়োজনের সুযোগ নিয়ে যেন নির্বাচনী বিধিমালার লঙ্ঘন না ঘটে, সেজন্য ভোটপ্রার্থীদের আগে থেকে সতর্ক করেছেন নির্বাচন কর্মকর্তারা।

Image
চট্টগ্রামে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান

চট্টগ্রামে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান

চৈত্রসংক্রান্তির নানা আয়োজনে আনুষ্ঠানিকভাবে সোমবার ১৪২১ সালকে বিদায় দেওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় নতুন বছরকে বরণের প্রস্তুতি।

৫০০ বছর আগে আকবরি আমলে রাজস্ব আদায়ের সুবিধার জন্য যে সালের প্রবর্তন হয়েছিল, তা এখন বাঙালির সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে।

আর সেই ইতিহাস উঠে এসেছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কণ্ঠেও। গত শতকের ষাটের দশকে বর্ষবরণের এই উৎসব যে জাতীয় চেতনার উন্মেষ ঘটিয়েছিল, তার সুর ধ্বনিত হয়েছে রাষ্ট্রপ্রধানের বাণীতে।

“বৈশাখ শুধু ঋতুচক্রমনের ধারাবাহিকতা নয় বরং আমাদের ঐতিহ্যচেতনারই নাম। বাংলা সন গণনার সঙ্গে যেমন ফসল ও মৃত্তিকার ভাবনা জড়িত, তেমনি বাংলা নববর্ষ উৎসবও মূলত তৃণমূললগ্ন এক জনউৎসবের প্রতীক।”

অর্থনৈতিক ক্ষেত্রেও নববর্ষ উৎসবের গুরুত্ব তুলে ধরেন রাষ্ট্রপতি। তিনি শুভকামনা করেন সবার।

বাংলা নতুন বছরকে আবহমান বাঙালি সংস্কৃতির অনন্য উৎস বিন্দু উল্লেখ করে এ থেকে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা নেওয়ার আহ্বান জানান সরকারপ্রধান শেখ হাসিনা।

“আমি আশা করি, পহেলা বৈশাখে বাঙালি সংস্কৃতির এ চর্চা আমাদের জাতিসত্ত্বাকে আরও বিকশিত করবে। সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার শক্তি জোগাবে।”

দেশব্যাপী বৈশাখী মেলা, চৈত্রসংক্রান্তির পালা-পার্বন, নববর্ষের প্রতিটি মিছিল-শোভাযাত্রা মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রামের হাতিয়ার হবে বলে মন্তব্য আসে জাতির জনকের কন্যার কাছ থেকে।

সেই সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিও এসেছে প্রধানমন্ত্রীর বাণীতে।

“রাজনীতির নামে আগুনে পুড়িয়ে নিরীহ মানুষ হত্যা ও দেশের সম্পদ ধ্বংসকারী অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে আরও ঐক্যবদ্ধ করবে বৈশাখ।”

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দুজনে কার্ড বিনিময় করলেও শেখ হাসিনার মতো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বার্তায়ও এসেছে রাজনৈতিক বক্তব্য। দেশবাসীর সুখ-শান্তি কামনা করলেও সরকারের সমালোচনাও করেন তিনি।

“এ বছরের এই দিনে আমি সকলের কল্যাণ কামনা করি, যদিও দেশবাসী একটি অনির্বাচিত সরকারের অপশাসনের যাঁতাকলে পিষ্ট। তবুও নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, এ প্রত্যাশা করি।”

সবার প্রত্যাশা নিয়ে বসন্তের শেষ দিন সোমবার রাত পোহালেই প্রথম সূর্যের হাত ধরে আসবে নতুন বাংলা বছর ১৪২২।

Image
রমনা বটমূলে সিসি ক্যামেরা

রমনা বটমূলে সিসি ক্যামেরা

প্রতিবছরের মতো এবারও রাজধানীতে নতুন সূর্যের সঙ্গে রমনা বটমূলে গেয়ে উঠবে ছায়ানট। এই প্রভাতী অনুষ্ঠানের প্রস্তুতি শেষ হয়েছে।

এক যুগের বেশি সময় আগে বোমাহামলার বেদনাদায়ক সেই অভিজ্ঞতার আলোকে এবারও রমনায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা থাকবে, তার মহড়াও ইতোমধ্যে হয়েছে। বসানো হয়েছে সিসি ক্যামেরাও।    

ছায়ানটের অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের নিয়মিত বর্ণিল আয়োজন ‘মঙ্গল শোভাযাত্রা’র প্রস্তুতিও শেষ।

অসাম্প্রদায়িক বাংলার মাটিতে উগ্রবাদী হামলায় লেখক অভিজিৎ রায় ও অনলাইন অ্যাক্টিভিস্ট ওয়াশিকুর রহমান খুন হওয়ার প্রেক্ষাপটে মানিক বন্দোপাধ্যায়ের কবিতা থেকে বেছে নেওয়া হয়েছে এবারের মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিপাদ্য- ‘অনেক আলো জ্বালতে হবে মনের অন্ধকারে’।

এবারের মঙ্গল শোভাযাত্রায় প্রায় ২০ ফুট উঁচু বিশাল এক হাতে মুক্তবুদ্ধির কণ্ঠরোধের প্রতীকী উপস্থাপনায় ফুটিয়ে তোলা হবে সাম্প্রদায়িক অশুভ শক্তির উত্থানের চিত্র। চারুকলার মৃৎশিল্প বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী শাহাবুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে বাঁশ আর কাঠামোতে এই  প্রতীকটি তৈরি হয়েছে।

Image
কাজ চলছে মঙ্গল শোভাযাত্রার

কাজ চলছে মঙ্গল শোভাযাত্রার

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের কথায়, “আমাদের লোকজ ঐতিহ্যে ধর্মের সহাবস্থান রয়েছে, কিন্তু দ্বন্দ্ব নেই। সুতরাং ধর্মান্ধতার অশুভ বিকাশের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান। আর দেশের সাম্প্রতিক ইতিহাসে যা ঘটেছে তাতে এটি খুব জরুরি বলে মনে করছি আমরা।”

নির্বাচন পরবর্তী সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রেক্ষাপটে গতবারের মঙ্গল শোভাযাত্রায় ছিল সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান।

শাহবাগে ঢাকা শিশু পার্কের সামনে এবং ধানমণ্ডির রবীন্দ্র সরোবরেও অনুষ্ঠান থাকছে বরাবরের মতোই।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো জাঁকজমকপূর্ণভাবে নববর্ষ পালনের প্রস্তুতি নিয়েছে।

বিভাগীয় শহর এবং ৫৭টি জেলা ও সব উপজেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আলোচনা সভা ও গ্রামীণ মেলার আয়োজন করবে স্থানীয় প্রশাসন।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আয়োজন করবে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা।

বাংলা সালের গোড়ার কথা

ইতিহাস বলে, রাজস্ব আদায়ের সুবিধার জন্য মোঘল সম্রাট আকবরের যুগে প্রবর্তন হয়েছিল বাংলা সালের। ষোড়ক শতকে আকবর ‘ফসলী সন’ প্রবর্তনের মাধ্যমে যে বাংলা সাল চালু করেছিলেন সময়ের বিবর্তনে সেই দিনটি এখন বাঙালির প্রাণের উৎসব পরিণত হয়েছে।

আকবরের নবরত্নসভার আমির ফতেহ উল্লাহ সিরাজি খাজনা আদায়ের সুবিধার জন্য হিজরি চান্দ্রবর্ষকে সৌরবর্ষের সঙ্গে মিলিয়ে নিয়ে ফসলি সালের গণনা শুরু করেছিলেন।

তিনিই হিজরিকে বাংলা সালের সঙ্গে সমন্বয় করে বৈশাখ থেকে বাংলা নববর্ষ গণনা শুরু করেছিলেন। বৈশাখ নামটি নেওয়া হয়েছিল নক্ষত্র ‘বিশাখা’ থেকে।