নববর্ষের কার্ডে শুভেচ্ছা বিনিময় হাসিনা-খালেদার
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিপরীত মেরুতে থাকা দুই প্রধান নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া পরস্পরকে বাংলা নববর্ষের কার্ড পাঠিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন।
পহেলা বৈশাখের দুদিন আগে রোববার বিকালে বিএনপি চেয়ারপারসনকে কার্ড পাঠিয়ে নববর্ষের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার (২) এস এম খুরশিদ-উল-আলম বিকাল সোয়া ৫টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
খালেদা জিয়ার কার্যালয়ের কর্মকর্তা মো. জসিম উদ্দিন প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা খুরশীদ আলমের কাছ থেকে শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন।
এরপর রাতে খালেদা জিয়ার পক্ষ থেকে নববর্ষের একটি শুভেচ্ছা কার্ড প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়।
রাত সাড়ে ৮টার দিকেখালেদা জিয়ার একান্ত সচিব আবদুস সাত্তার গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার খুরশিদ-উল-আলমের হাতে শুভেচ্ছা কার্ডটি পৌঁছে দেন।
খালেদা জিয়ার একান্ত সচিব সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদকেও শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন বলে তার উপ-প্রেস সচিব খোকন জানিয়েছেন।
বিরোধী দলীয় নেতার পক্ষে তার সহকারী একান্ত সচিব সুজাউল ইসলাম এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের পক্ষে তার একান্ত সচিব সাইদুল আলম শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন।
আগামী মঙ্গলবার বাংলা নববর্ষ উপলক্ষে সারা দেশেই বর্ষবরণের প্রস্তুতি চলছে।
