এক দিনের মধ্যে ফাঁসি কার্যকরের দাবি গণজাগরণ মঞ্চের
যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসি কার্যকরে এক দিনের সময় বেঁধে দিয়েছে গণজাগরণ মঞ্চ।
শুক্রবার রাতে গণঅবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “ফাঁসি কার্যকর নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এই কাজ সম্পন্নের জন্য সরকারি নীতিনির্ধারকদের একদিন সময় দেওয়া যেতে পারে।”
তিনি বলেন, ফাঁসি কার্যকরের ক্ষেত্রে সব ধরনের আইনি প্রক্রিয়া শেষ হয়েছে। এখন রায় কার্যকর বিলম্বিত করা ‘সমীচীন হবে না’।
শনিবার বিকাল ৪টায় আবারও শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু হবে জানিয়ে তিনি বলেন, ফাঁসি কার্যকর হওয়া পর্যন্ত এই অবস্থান চলবে।
গণঅবস্থান কর্মসূচি শেষ করার আগে শাহবাগে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর নিয়ে শুক্রবার দিনভর উত্তেজনা চললেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রাতে জানান, এদিন আর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ‘সম্ভাবনা কম’।
২০১৩ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধাপরাধী কাদের মোল্লার যাবজ্জীবন সাজার প্রতিবাদে শাহবাগে এক অভূতপূর্ব অহিংস আন্দোলন শুরু করে ছাত্র-জনতা; গঠিত হয় গণজাগরণ মঞ্চ। ট্রাইব্যুনালের প্রতিটি রায়ের সময়ই সেখানে অবস্থান নিয়ে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজার দাবি তুলে ধরেছেন মঞ্চের কর্মীরা।
আপিল বিভাগের রায়ে ওই বছর ডিসেম্বরে জামায়াত নেতা কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কামারুজ্জামান হলেন দ্বিতীয় ব্যক্তি যার দণ্ড কার্যকরের পর্যায়ে এসেছে।
