২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট কেন্দ্র পাহারা দিতে হবে: মনজুর

ভোটের ফল না আসা পর্যন্ত কেন্দ্র পাহারা দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়র পদে বিএনপি সমর্থিত প্রার্থী এম মনজুর আলম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2015, 06:09 PM

Updated : 22 Aug 2022, 12:03 PM

বৃহস্পতিবার সকালে নগরীর উত্তর কাট্টলীতে নিজ বাসভবনে চট্টগ্রাম মহানগর লবণ শ্রমিক দলের সঙ্গে মতবিনিময়ে তিনি এ আহ্বান জানান।

২৮ এপ্রিল অনুষ্ঠেয় এই নির্বাচনে ক্ষমতাসীন দল প্রভাব খাটানোর চেষ্টা করছে বলে অভিযোগ বিদায়ী মেয়র মনজুর। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ক্ষমতাসীন দলের চট্টগ্রাম নগর সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।  

চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মনজুর সবাইকে একযোগে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সরকার দলের প্রার্থীর পক্ষের লোকজন ২০ দলীয় জোটের নেতাকর্মী ও ভোটারদের নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছে।

“সব ভয়কে জয় করে সাহস নিয়ে ভোট কেন্দ্রে যেতে হবে। শুধু ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিলে হবে না। ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। ফলাফল না দেওয়া পর্যন্ত ঘরে ফিরে আসা যাবে না।”

গত পাঁচ বছরে মেয়রের দায়িত্বে থাকাকালে শ্রমজীবী মানুষের জন্য কাজ করেছিলেন বলে দাবি করেন মনজুর।

“১৬১ শ্রমজীবী পরিবারের আবাসনের ব্যবস্থা করেছি। শ্রমজীবী মানুষের অন্ন-বস্ত্র-বাসস্থান নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে উন্নয়ন আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লবণ শ্রমিক দলের আহ্বায়ক মো. শাহ আলম, যুগ্ম আহ্বায়ক আবুল বশর, সদস্য সচিব আব্দুস ছালাম, সদস্য মো. সায়েম, নুর আলম, আবদুল মান্নান, মো. সবদর আলী কাকন প্রমুখ।

দুপুরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সভা করেন মনজুর। সভায় উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে মনজুরের পক্ষে ১০১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

বিকালে নগরীর  বিভিন্ন ওয়ার্ড ও থানার বিএনপি দলীয় নেতাকর্মীর সঙ্গে বৈঠকে বসেন মনজুর।

নির্বাচনের প্রচারে এখনও সরাসরি নামেননি মনজুর। প্রতীক পাওয়ার পর শুক্রবার তিনি আনুষ্ঠানিক প্রচার শুরুর করবেন বলে জানানো হয়েছে।

তবে মনজুরের পক্ষে ভোট চেয়ে বন্দর নগরীর বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও নগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।