ফরিদপুরে দুর্ঘটনার কারণ খুঁজতে দুটি তদন্ত কমিটি
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখতে দুটি তদন্ত কমিটি করেছে সড়ক পরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় গঠিত ৫ সদস্যের কমিটির নেতৃত্ব দেবেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, বিআরটিএ ও হাইওয়ে পুলিশের প্রতিনিধিরা কমিটিতে থাকবেন।
এই কমিটি সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে বলে বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া ফরিদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনা তদন্তে আরেকটি কমিটি করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রশিদকে প্রধান করে গঠিত তিন সদস্যের একটি কমিটিকে দুই দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জেলা প্রশাসক সরদার সরাফত আলী জানান।
বুধবার গভীর রাতে ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেলে ২৫ যাত্রী নিহত হন, আহত হন আরও বেশ কয়েকজন।
‘সোনারতরী’ পরিবহনের বাসটি রাতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ঢাকা থেকে বরিশালে যাচ্ছিল।
দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানিয়েছেন তিনি।
মন্ত্রী দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে ফরিদপুরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, চিকিৎসকসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
