রাঙামাটি মেডিকেলে ক্লাশ শুরু
উদ্বোধনের প্রায় তিন মাস পর আলোচিত রাঙামাটি মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বুধবার সকাল ১০টায় ২০১৩-১৪ শিক্ষাবর্ষের (প্রথম ব্যাচ) এমবিবিএস কোর্সের ক্লাশ শুরু হয়।
কলেজের একাডেমিক কার্যক্রম শুরুর দিনে মেডিকেল কলেজ বিরোধিতাকারীরা কোনো কর্মসূচি না দিলেও আশপাশের এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়েন ছিল।
গত ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী টেলিকনফারেন্সের মাধ্যমে রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন।
সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিসহ কয়েকটি সংগঠন এই মেডিকেল কলেজ স্থাপনের বিরোধিতা করছে।
রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. টিপু সুলতান জানান, শহরে রাঙামাটি জেনারেল হাসপাতালের পাশের অস্থায়ী একটি ভবনে মেডিকেল কলেজের ক্লাশসহ একাডেমিক কার্যক্রম শুরু হয়।
প্রথমদিন ৫১ জন শিক্ষার্থীদের মধ্যে ৪৪ জন ক্লাশে উপস্থিত ছিলেন। বর্তমানে তিনিসহ তিন জন শিক্ষক রয়েছেন এবং আরও শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
কলেজের শিক্ষার্থী রফিকুল ইসলাম, সীমা চাকমা, প্রহর চাকমা ও নাজমুল নাহার জানান, দীর্ঘদিন পর ক্লাস শুরু হওয়ায় তারা অন্যান্য মেডিকেল কলেজের শিক্ষার্থীদের চেয়ে কিছুটা পিছিয়ে রয়েছেন। তবে কলেজের পর্যাপ্ত শিক্ষক নিয়োগ ও পাঠদানে আনুষঙ্গিক সবকিছু পাওয়া গেলে তা কাটিয়ে ওঠা যাবে।
তাই দ্রুত প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগের দাবি জানান তারা।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, কোনো প্রতিবন্ধকতা ছাড়াই আজ সুন্দর ও শান্তিপূর্ণভাবে রাঙামাটি মেডিকেল কলেজের ক্লাশসহ একাডেমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
মেডিকেল কলেজে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হবে বলে জানান তিনি।
এর আগে একাডেমিক কার্যক্রম শুরু উপলক্ষে এক পরিচিতি সভার আয়োজন করা হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা জামান, জেলার সিভিল সার্জন ডা. স্নেহ কান্তি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ ও কলেজের অধ্যক্ষ ডা. টিপু সুলতান, রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নুয়েন খীসা প্রমুখ উপস্থিত ছিলেন।
সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিসহ কয়েকটি সংগঠন পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাঙামাটিতে মেডিকেল কলেজ স্থাপনের যাবতীয় কার্যক্রম স্থগিতের দাবি জানিয়ে আসছিল।
এ মেডিকেল কলেজ উদ্বোধনের দিন পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলায় অবরোধের ডাক দেয়। এ অবরোধকে কেন্দ্র করে শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে ১৪৪ ধারা এবং পরবর্তীতে সান্ধ্য আইন জারি করে প্রশাসন। এরপর থেকে মেডিকেল কলেজের সকল কার্যক্রম স্থগিত ছিল।
