গেণ্ডারিয়ায় ছুরি মেরে খুন
রাজধানীর পুরান ঢাকার গেণ্ডারিয়ায় এক ব্যক্তিকে ছুরি মেরে হত্যা করা হয়েছে।
রোববার দুপুর একটার দিকে গেণ্ডারিয়ার মিলব্যারাকের একটি দোতলা বাসায় এ ঘটনা ঘটে।
নিহত সানি সরকার (৪৫) ওই বাড়ির মালিক। তিনি ছাদে কবুতর পুষতেন। তবে অন্য কোনো কাজ করতেন না বলে পরিবারের সদস্যরা জানান।
সানির বোন ইয়াসমিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, দুপুরে বাসার ছাদে ‘কে বা কারা’ তার ভাইকে ছুরি মেরে জখম করে। হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল ফাঁড়ি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান, নিহতের শরীরে ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার শ্বাসনালী কেটে গেছে।
ইয়াসমিন বলেন, তিনদিন আগে তিনি ভাইয়ের বাসায় বেড়াতে আসেন। স্ত্রী এবং দুই ছেলেমেয়েকে নিয়ে বাড়ির দোতলায় থাকতেন সানি; আর নিচতলা ভাড়া দেওয়া।
“দুপুরে ভাই কবুতরের খাবার দিতে ছাদে ওঠেন। কিছুক্ষণ পর তাকে রক্তাক্ত অবস্থায় সিঁড়িতে পাওয়া যায়।”
তবে একই সময়ে বাসার কাজের ছেলে জুম্মনকে দোতলা থেকে লাফিয়ে পালাতে দেখা গেলে বলে স্থানীয়রা জানিয়েছেন।
আনুমানিক ২২ বছর বয়সী জুম্মন বাসার কাজে সহযোগিতা করত বলে ইয়াসমিন জানান।
তার ধারণা, কবুতরকে খাবার দেওয়া নিয়ে জুম্মনের সঙ্গে সানির ঝগড়া হয়ে থাকতে পারে।
গেণ্ডারিয়া থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান, তারা ঘটনাস্থলে লোক পাঠিয়েছেন। কে কী কারণে সানিকে হত্যা করেছে তা তদন্তে বোঝা যাবে।
