থানা হাজতের জানালা ভেঙে আসামির পলায়ন
মুন্সীগঞ্জের লৌহজং থানার হাজতখানার জানালার রড ভেঙে পালিয়ে গেছেন মাদক মামলার এক আসামি।
পলাতক ফারুক মোড়ল (২৭) শুক্রবার বিকালে ফেনসিডিলসহ গ্রেপ্তার হয়েছিলেন।
শনিবার ভোরে তিনি হাজতখানার জানালা রড ভেঙে পালিয়ে যান বলে থানার ওসি রিজাউল হক জানান।
তিনি বলেন, পদ্মার ভাঙনে লৌহজং থানা ভবনটি নদীতে বিলীন হয়ে যাওয়ায় উপজেলা পরিষদের পরিত্যক্ত একটি ভবনে বর্তমানে থানার কার্যক্রম চলছে। এর দেওয়ালসহ দরজা-জানালা মরিচা ধরা ও জরাজীর্ণ।
শুক্রবার বিকালে আটকের পর ফারুকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
“ওইদিন আদালতের সময় শেষ হয়ে যাওয়ায় তাকে থানার হাজতে রাখা হয়। ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে ফারুক হাজতের জানালার জং ধরা রড ভেঙে পালিয়ে যান।”
হাজতখানা ভেঙে পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে ২২৪ ধারায় আরেকটি মামলা হয়েছে বলে জানান ওসি।
