নতুন ওয়েবসাইটে দুদক
বাংলা ও ইংরেজি দুই ভাষায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় কমিশন কার্যালয়ে এ ওয়েবসাইটের (www.acc.org.bd) উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান এম বদিউজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “দুদক আজ থেকে নতুন যুগে পদার্পণ করল। দুদকের বিভিন্ন কার্যক্রম স্বচ্ছভাবে প্রকাশ করার সুযোগ আমাদের সামনে এসেছে। যে কেউ এক ক্লিকে যে কোনো স্থান থেকে দুদকের কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন।”
১৯৫৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে গঠিত দুর্নীতি দমন ব্যুরো একসময় মন্ত্রিপরিষদ বিভাগ, রাষ্ট্রপতির সচিবালয়ের জন বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ছিল। কিন্তু সময় সময়ই দুর্নীতি প্রতিরোধী এ সংস্থার ওপর রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ ছিল।
সরকারের এ সংস্থার কাজে গতিশীলতা আনতে ২০০৪ সালে নতুন আইন করা হয়। ব্যুরো বিলুপ্ত করে গঠিত হয় ‘স্বাধীন দুর্নীতি দমন কমিশন’। ২০০৭ সালে প্রণয়ন করা হয় এর বিধিমালা।
বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুদকের তৎপরতা অনেক বেড়ে যায়, দুর্নীতির মামলায় গ্রেপ্তার হন দেশের দুই শীর্ষ নেতাসহ বহু রাজনীতিবিদ ও ব্যবসায়ী। তবে পরে সেসব মামলার অধিকাংশই আর এগোয়নি।
দুদকের তথ্য অনুযায়ী, ২০০৯ মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে ২০১৪ সালের জুলাই পর্যন্ত এ সংস্থার হাতে মোট ২ হাজার ৪৮১টি মামলা এসেছে। এর মধ্যে ১ হাজার ১৭৮টিতে অভিযোগপত্র এবং ৮৬৩টিতে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। বর্তমানে তদন্তাধীন আছে ৪৪০টি মামলা।
দুদকের সিস্টেম অ্যানালিস্ট রাজিব আহমেদ বলেন, “সাধারণ মানুষের ব্যবহারের সুবিধার জন্য নতুন ওয়েবসাইটে বাংলা ও ইংরেজি ভাষার দুটি ভার্সন রাখা হয়েছে। সময়ের সাথে সাথে এর আরো উন্নয়ন ঘটানো হবে।”
দুদকের কাছে অভিযোগ করার পদ্ধতি, কমিশনে আনা অভিযোগের তালিকা, আইন এবং দুদকের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে এ ওয়েবসাইটে তথ্য পাওয়া যাবে।
অন্যদের মধ্যে দুদক কমিশনার এম সাহাবুদ্দিন, কমিশনার নাসিরউদ্দিন আহমেদ এবং দুদকের মহাপরিচালক শামসুল আরেফিন ও অন্যান্য কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
