২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে জাটকা ধরায় বাধা, হামলায় আ. লীগের ১০ জন আহত

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে জাটকা ধরায় বাধা দিতে গিয়ে জেলেদের হামলার আওয়ামী লীগের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2015, 10:04 AM

Updated : 22 Aug 2022, 11:57 AM

শনিবার রাত ৯টার দিকে চরভৈরবী এলাকায় এ ঘটনা ঘটে বলে হাইমচর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান।

আহতদের মধ্যে চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমদ উল্লাহ, চরভৈরবী ইউনিয়ন যুবলীগ সভাপতি ইলিয়াছ লিটন, শাহ আলী, মো. মনির হোসেন, খোকন মাতব্বর, লোকমান, ছাত্রলীগ নেতা মহিউদ্দিন ও সামাদকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে জাটকা ধরতে জেলেরা নদীতে নামলে আহমদ উল্লাহর নেতৃত্বে লোকজন নদীতে গিয়ে জেলেদের বাধা দেয়।

“এ নিয়ে ট্রলারযোগে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে জেলেরা আহমদ উল্লাহর লোকজনকে ঘিরে ফেললে তারা নদীতে ঝাঁপ দেয়। পরে নদী তীরে উঠে আসলে জেলেরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়।”

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়।

এ ঘটনায় রোববার সকাল পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

হামলায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে বলে ওসি মনিরুজ্জামান জানিয়েছেন।

ইলিশ অভয়াশ্রম কর্মসূচির আওতায় মার্চ-এপ্রিল এই দুই মাস চাঁদপুরের মেঘনা নদীর ৬০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার।