রাবিতে নিয়মিত শিক্ষার্থীদের বের করে সান্ধ্যক্লাস
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে নিয়মিত শিক্ষার্থীদের ক্লাস চলার সময় তাদের বের করে দিয়ে সান্ধ্যকালীন মাস্টার্সের ক্লাস নিয়েছেন এক শিক্ষক।
শনিবার বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ৮ম সেমিস্টারের শিক্ষার্থীদের বের করে দেন অধ্যাপক একেএম আব্দুল মজিদ।
শিক্ষার্থীরা জানান, দুপুর ২টায় রবীন্দ্র ভবনের ২৬১ নম্বর শ্রেণিকক্ষে নিয়মিত শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন প্রভাষক মোহাম্মদ হেদায়েত উল্লাহ। বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক একেএম আব্দুল মজিদ সান্ধ্যকালীন মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার জন্য তাদের অন্য কক্ষে পাঠিয়ে দেন।
হেদায়েত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি (আব্দুল মজিদ) সিনিয়র শিক্ষক হয়ে অন্য কক্ষে গিয়ে ক্লাস করতে অনুরোধ করেন। এজন্য শিক্ষার্থীদের নিয়ে অন্য কক্ষে গিয়ে ক্লাস করেছি।”
আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসলে ওই সময়ে ২৬১ নম্বর কোনো নির্ধারিত ক্লাস ছিল না। শারীরিক অসুস্থতার কারণে আমার পক্ষে চার তলায় উঠা কষ্টকর হওয়ায় আমি তাদের অন্য কক্ষে যেতে অনুরোধ করেছি।
“এখানে অন্য কোনো ঘটনা ঘটেনি।”
এবিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি জেনে নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
